Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রান্না নিয়ে বচসায় ঠিকাদারের মাথা ফাটাল শ্রমিক, আটক ২

রাতে খেতে দেওয়া হয়নি ঠিকাদারকে। এ নিয়ে প্রশ্ন তোলায় ছোট সিলিন্ডার দিয়ে মেরে ওই ঠিকাদারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই শ্রমিকের বিরুদ্ধে।

রান্না নিয়ে বচসায় ঠিকাদারের মাথা ফাটাল শ্রমিক, আটক ২
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাতে খেতে দেওয়া হয়নি ঠিকাদারকে। এ নিয়ে প্রশ্ন তোলায় ছোট সিলিন্ডার দিয়ে মেরে ওই ঠিকাদারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই শ্রমিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের শাঁখারিদহ মণ্ডলপাড়ায়। গুরুতর আহত অবস্থায় কবিরুল শেখ নামের ওই ঠিকাদারকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থার অবনতি হওয়ায় পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিযুক্ত দুই শ্রমিককে আটক করেছে ডোমজুড় থানার পুলিস।

Advertisement

জানা গিয়েছে, কয়েক মাস আগে কাজের জন্য শাঁখারিদহের মণ্ডলপাড়ায় আসেন মুর্শিদাবাদের বাসিন্দা কবিরুল শেখ। সঙ্গে ছ’জন শ্রমিককে নিয়ে এসেছিলেন তিনি। এখানে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। এখানেই তাঁরা রান্নাবান্না করতেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে রান্নার জন্য মাছ কিনে আনেন কবিরুল। তাঁর রাতের খাবার রেখে দিতে বলে বেরিয়ে যান তিনি। রাতে কাজ থেকে ফিরে এসে দেখেন, বাকি ছ’জন শ্রমিক নিজেদের মতো খেয়েদেয়ে ঘুমিয়ে পড়েছে। অথচ তাঁর জন্য রান্না করা মাছ ও খাবার রাখা হয়নি। তিনি শ্রমিকদের ঘুম থেকে তুলে বিষয়টি জিজ্ঞাসা করলে এ নিয়ে তাঁর সঙ্গে তুমুল বচসা হয় শ্রমিকদের। বিহারের পাকুড়ের বাসিন্দা দুই শ্রমিক সেই সময় আচমকা রান্নার ছোট সিলিন্ডার তুলে ঠিকাদারের মাথায় আঘাত করেন। সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কবিরুল। চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর ওই দুই ঠিকা শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিস। পুলিস জানিয়েছে, ওই ঠিকাদারের সঙ্গে শ্রমিকদের পুরনো শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ