নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ-পূর্ব কলকাতার অভিষিক্তা, নেতাজি কলোনি, পূর্বাচল সহ ই এম বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহের জন্য বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করছে কলকাতা পুরসভা। শুধু ১০৬ নম্বর ওয়ার্ডেই তিনটি বুস্টার পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে কাজি নজরুল পার্কে বুস্টার পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছে। কাজ চলছে জোরকদমে।
বাইপাস সংলগ্ন ১০৬ নম্বর ওয়ার্ডের সর্বত্র পুরসভার পরিস্রুত পানীয় জল সরবরাহ হয় না এখন। অনেক জায়গায় এখনও গভীর নলকূপের মাধ্যমে মাটির নীচ থেকে তোলা জলই বাড়ি বাড়ি সরবরাহ করা হয়। এই অবস্থার বদল ঘটিয়ে সবাইকে পরিস্রুত পানীয় জল পরিষেবা দিতেই এই উদ্যোগ। কাজী নজরুল পার্কের বুস্টার পাম্পিং স্টেশন চালু হলে সুকান্ত সরণি, বিহারী মণ্ডল রোড, পূর্বাচল মেইন রোডের একাংশ, নেতাজি কলোনি, বিধান রোড, লাল বাহাদুর শাস্ত্রী রোড সহ বেশ কিছু অঞ্চলে পরিস্রুত পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে। পূর্বাচল মেইন রোডের বাসিন্দা সুদীপ্ত রাহা বলেন, ‘পানীয় জল পাই। কিন্তু কিছু সমস্যাও আছে। সবসময় পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায় না। সরবরাহ আরও ভালো হলে সবারই সুবিধা।’ ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুর বলেন, ‘অঞ্চলের সর্বত্র পর্যাপ্ত পরিস্রুত পানীয় জলের সরবরাহ প্রয়োজন। অনেকদিন ধরেই এই প্রকল্প নিয়ে দৌঁড়ঝাঁপ চলছিল। এখন কাজ শুরু হয়েছে। বছর খানেকের মধ্যেই এটি চালু করে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’