Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় জেলাজুড়ে মোট ৩২টি রাস্তার কাজ শুরু হতে চলেছে

পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় জেলাজুড়ে মোট ৩২টি রাস্তার কাজ শুরু হতে চলেছে
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সড়ক পথ। জেলা বীরভূমে অবশ্য এই সড়ক পথ ইস্যুতে অভিযোগের শেষ নেই। কোথাও রাস্তার উপর থেকে পিচের আস্তরণ সরে গিয়েছে। আবার কোথাও মাঝরাস্তায় খানাখন্দ তৈরি হয়েছে। ফলত সমস্যায় আমজনতা। মাঝেমধ্যেই দূর্ঘটনাও ঘটে চলেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীন ২১টি রাস্তার কাজ শুরু হতে চলেছে জেলায়। অন্যদিকে, জেলা পরিষদের তরফেও ইতিমধ্যে আরও একাধিক রাস্তা সংস্কার ও তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় জেলাজুড়ে মোট ৩২টি রাস্তার কাজ শুরু হতে চলেছে। পাশাপাশি একাধিক ব্লকে বসতে চলেছে সোলার লাইট। সেইসঙ্গে শিশুদের বিনোদনের জন্য পার্ক গড়ার সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে। এছাড়াও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে মঞ্চ গড়ে তোলার ক্ষেত্রেও জেলা পরিষদ কর্তৃপক্ষ অগ্রণী ভূমিকা নিয়েছে। সব মিলিয়ে আনুমানিক ১২ কোটি ৮০ লক্ষ টাকা খরচ হবে। এবিষয়ে পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, রাস্তা তৈরি ও সংস্কারের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে জেলার প্রতিটা ব্লকেই কমবেশি রাস্তা তৈরি ও সংস্কারের কাজ দ্রুত শুরু হতে চলেছে। এছাড়াও একাধিক এলাকার স্থানীয়দের দাবি মেনে প্রায় ৮টি সোলার লাইট বসানো হবে। এছাড়াও পার্ক, সাংস্কৃতিক মঞ্চ ও কমিউনিটি হল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত এই কাজগুলি শুরু করা হবে। জেলা পরিষদের তরফে জানা গিয়েছে, ১৯টি ব্লকের মধ্যে ময়ূরেশ্বর-২ ব্লকে সব থেকে বেশি রাস্তার কাজ হবে। ওই ব্লকে মোট পাঁচটি রাস্তা চিহ্নিত হয়েছে। সিউড়ি-১ ব্লকের মোট চারটি রাস্তার কাজ হবে। এছাড়াও সাঁইথিয়া, নলহাটি-২, নানুর, মুরারই-১ ব্লকে ৩টি করে রাস্তার কাজ করবে জেলা পরিষদ। পাশাপাশি নলহাটি-১, রামপুরহাট-১ ও ২, মুরারই-২, রাজনগর ও ময়ূরেশ্বর-১ ব্লকে দু’টি করে রাস্তার কাজ হবে। এছাড়াও সিউড়ি-২, মহম্মদবাজার, বোলপুর শ্রীনিকেতন, দুবরাজপুর, খয়রাশোল ও লাভপুর ব্লকে একটি করে রাস্তা চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, জেলার ময়ূরেশ্বর-১ ব্লকে ৩টি সোলার হাইমাস্ট লাইট বসবে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ