নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে ফ্রুট প্রসেসিং হাব হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো হাব নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল। এবার এই প্রকল্পের পূর্ণাঙ্গ প্রকল্প রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ শুরু হল। বৃহস্পতিবার বিধানসভায় বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের সঙ্গে এ নিয়ে বৈঠক হয়েছে বরাত পাওয়া সংস্থার কর্তাদের। বিধায়ক দ্রুত এই কাজ শেষ করার আবেদন জানিয়েছেন তাঁদের। জানা গিয়েছে, প্রথমে ঠিক হয়েছিল, বারুইপুরের কিষাণ মান্ডির জায়গায় এই প্রকল্পটি তৈরি হবে। কিন্তু পরে তা বাতিল করা হয়। তার ঠিক পিছনেই এই কাজের জন্য প্রায় সাড়ে পাঁচ একর জমি চিহ্নিত করা হয়েছে। সেখানেই তৈরি হবে ফ্রুট প্রসেসিং হাব। বিধায়ক বলেন, কোথায় কী হবে, তা নিয়ে ওই সংস্থার সঙ্গে কথা হয়েছে। যাতে দ্রুত কাজ শুরু হয়, সেই চেষ্টাই করা হচ্ছে। এদিকে, বারুইপুরের বৃন্দাখালিতে হর্টি ট্যুরিজম নামে আরও একটি প্রকল্প তৈরি হবে বলে জানা গিয়েছে। তার নাম দেওয়া হয়েছে ফার্ম হাউস। বিধায়কের কথায়, এর জন্য জমি চিহ্নিত হয়ে গিয়েছে। এখানে মূলত বিভিন্ন ফলের বাগান গড়ে তোলা হবে।



