Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপিকে বাংলা দখল করতে দেব না, তোপ মমতার

ভোট দামামা বাজতেই ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন বিজেপির তাবড় নেতারা। লক্ষ্য একটাই, বাংলা দখল। সেই সমীকরণে ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভাও করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজেপিকে বাংলা দখল করতে দেব না, তোপ মমতার
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

প্রীতেশ বসু, সিঙ্গুর: ভোট দামামা বাজতেই ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন বিজেপির তাবড় নেতারা। লক্ষ্য একটাই, বাংলা দখল। সেই সমীকরণে ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভাও করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ঠিক ১০ দিনের মাথায় জমি আন্দোলনের সাক্ষী থাকা এই সিঙ্গুরের মাটি থেকেই বিজেপি বিরোধী হুংকার তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির ‘মিথ্যাচারের’ বিরুদ্ধে সুর সপ্তমে তুলে তাঁর প্রত্যয়ী বার্তা, ‘বাংলা থাকবে বাংলার মানুষের দখলেই। বাইরে থেকে উড়ে আসা বহিরাগতরা বাংলা দখল করতে পারবে না। বিজেপি লুটেরাদের পার্টি, ঝুটেরাদের পার্টি, চক্রান্তকারীদের পার্টি। ওদের বাংলা দখল করতে দেব না।’

Advertisement

বুধবার সিঙ্গুরের ইন্দ্রখালি মাঠে সরকারি অনুষ্ঠানের শুরুতেই রাজ্যবাসীকে ৩৩ হাজার ৫৫১ কোটি টাকার প্রকল্প এবং পরিকাঠামো উপহার দেন মুখ্যমন্ত্রী। তার অন্যতম বাংলার বাড়ি এবং ঘাটাল মাস্টার প্ল্যান। কেন্দ্র টাকা না দেওয়ায় দু’টি প্রকল্পই সম্পূর্ণ রাজ্যের খরচে কাঁধে তুলে নিয়েছেন মমতা। এর রেশ ধরেই বাংলার মানুষের প্রতি চূড়ান্ত বঞ্চনা এবং এসআইআর হয়রানি নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন মমতা। মোদির নাম না করলেও টেলিপ্রম্পটার দেখে ‘মিথ্যে’ বলার অভিযোগ তুলে বলেন, ‘এখানে দাঁড়িয়ে একজন মানুষ বললেন, সমস্ত ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। বাংলা ছাড়া সব ভাষাকে স্বীকৃতি দিয়েছিল। আমরা লড়াই করে সেই স্বীকৃতি পেয়েছি। বাংলায় কথা বললে প্রাণ নিয়ে নেন! আর বাংলা দখল করবেন? করতে দেব না। আমি তাঁর চেয়ারটাকে কিছু বলতে চাই না। কারণ ওই চেয়ারে আজকে কেউ আছেন। কাল অন্য কেউ বসবেন।’

আজই এসআইআর হয়রানির বিরুদ্ধে দিল্লি গিয়ে নির্বাচন সদনে আন্দোলন গড়ে তোলার কথা ছিল মমতার। বিমান বিপর্যয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় তা পিছিয়ে গিয়েছে। তবে বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় দিল্লি যাওয়ার ব্যাপারে তিনি অনড়। মানুষকে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভয় পাচ্ছেন কেন? কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। এটা তো বাংলা। অহংকার করছে। ওদের অহংকার ভেঙে চুরমার করে দেব।’ তবে ভোটের মুখে বিজেপি টাকা ছড়াবে। এমনকি কোনো প্রাইভেট কোম্পানিকে দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পাঠিয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে সতর্ক করে বলেছেন, ‘টাকা নিলেও বিজেপিকে একটি ভোটও দেবেন না।’ -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ