নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজোর প্রতিমা বিসর্জন উপলক্ষে আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিন দিন কলকাতার চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। প্রশাসনের অনুরোধে বিসর্জন পর্বে যাত্রী নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
রেল সূত্রে জানানো হয়েছে, প্রতিদিন বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন, সংক্ষিপ্ত যাত্রা এবং যাত্রার সূচনাস্থল বদল করা হবে। আগামী সোমবার মঙ্গলবার, বুধবার এই তিন দিন নির্দিষ্ট কয়েকটি ট্রেন তালা স্টেশন পর্যন্তই চলবে। ৩০৩১২ বারাসত-মাঝেরহাট, ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ এবং ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট ট্রেনের যাত্রা টালাতেই শেষ হবে।
অপরদিকে, ৩০৩৩১ মাঝেরহাট-হাবড়া, ৩০১১১ বালিগঞ্জ-বারাকপুর এবং ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত ট্রেনগুলি টালা থেকেই যাত্রা শুরু করবে। ৩০১৪৪ গেদে-মাঝেরহাট ট্রেনটি কাঙ্কুরগাছি হয়ে ঘুরিয়ে শিয়ালদহ নর্থে যাত্রা শেষ করবে। ৩০১২৩ মাঝেরহাট-নৈহাটি ট্রেনটি শিয়ালদহ নর্থ থেকে যাত্রা শুরু করবে। এ ছাড়াও, ৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট ট্রেনটি কাঙ্কুরগাছি-বালিগঞ্জ হয়ে ঘুরপথে মাঝেরহাট পৌঁছবে। একইভাবে ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর এবং ৩০১৩৫ মাঝেরহাট-রানাঘাট ট্রেন দুটিও বালিগঞ্জ-কাঙ্কুরগাছি হয়ে চলবে। তবে ৩০১৫২ নৈহাটি-মাঝেরহাট ট্রেনটি নির্ধারিত পথেই চলবে বলে জানা গিয়েছে। এদিকে ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট ট্রেনটির যাত্রা বালিগঞ্জে শেষ হবে। ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর ট্রেনটি বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে ঘুরপথে চলবে। পাশাপাশি ৩০৪১৬ শিয়ালদহ-বিবাদী বাগ ট্রেনের যাত্রা মাঝেরহাটে শেষ হবে এবং ৩০৪৫১ বিবাদী বাগ-বারাকপুর ট্রেনটি মাঝেরহাট থেকে যাত্রা শুরু করবে।
যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে শিয়ালদহ ডিভিশন। যাত্রীদের যাত্রা শুরুর আগে সর্বশেষ ট্রেন পরিষেবার আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি পরিষেবায় এই সাময়িক পরিবর্তনের কথা মাথায় রেখে যাত্রাপথ পরিকল্পনা করার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।



