কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও দায়ের এফআইআর
  • ৮ নভেম্বর, ২০২৬ ১২:৩২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের মধ্যরাতে উদযাপনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট। শনিবার রাত ২টো নাগাদ অভিষেকের বাড়ি ও অফিসে হামলার অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন কিছু পুলিশকর্মীও। পুলিশকে চড় মারার অভিযোগে ইতিমধ্যেই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এই দু'জন বিজেপি সমর্থক।  এখনো পর্যন্ত এই ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি এফআইআর দায়ের হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাত ২টো থেকে সাড়ে ৩টে পর্যন্ত এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত ছিল। সেই সময় তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি সমর্থকদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের ঘটনায় পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। তার মধ্যে একটি এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। অন্যদিকে, রাজনৈতিক সংঘাতের জেরে আরও দুটি অভিযোগ দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় এক বিজেপি সমর্থকের বিরুদ্ধেও একটি এফআইআর দায়ের করা হয়েছে। পালটা বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজনের নামেও মামলা রুজু হয়েছে। এদিকে, শনিবার রাত ২টো নাগাদ নিজের বাড়িতে হামলার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, দু'দিন ধরে এলাকায় রেইকি করার পর একদল ব্যক্তি তাঁর বাড়ি ও অফিসে হামলা চালিয়েছে। অভিযুক্তদের 'বিজেপির গুন্ডা' বলেও কটাক্ষ করেন তিনি।