নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের আমেজের মধ্যেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের রদবদলের ইঙ্গিত। নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। প্তাহের মাঝামাঝি থেকেই ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসার পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তরের প্রকাশ করা আজ সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রবিবার অর্থাৎ আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিধি কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। ১২ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার ও শনিবারও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। তাপমাত্রার ক্ষেত্রেও রয়েছে বিশেষ পূর্বাভাস। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী দু’দিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপর ফের রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে সপ্তাহের দ্বিতীয়ার্ধে রাতের দিকে শীতের আমেজ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।



