Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

নারী সেবা সংঘের মেলা

মহিলাকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে বেশ পরিচিত নাম নারী সেবা সংঘ।

নারী সেবা সংঘের মেলা
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মহিলাকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে বেশ পরিচিত নাম নারী সেবা সংঘ। মেয়েদের স্বনির্ভর করে তোলা, তাদের নানা ধরনের হাতের কাজ শিখিয়ে রোজগেরে করাই এই সংস্থার উদ্দেশ্য। সেই সঙ্গে আবার বিগত আট বছর ধরে শিশুদের জন্যও কল্যাণমূলক কাজ করছে এই সংস্থাটি। তবে নারীদের নিয়ে এদের কাজ শুরু হয়েছিল ১৯৪৩-’৪৪ সাল নাগাদ। দুর্ভিক্ষতাড়িত বাংলায় মেয়েদের আশ্রয় হিসেবে গড়ে উঠেছিল নারী সেবা সংঘ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সরোজিনী নাইডু, অবলা বসু সহ আরও বহু বিখ্যাত ও বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন এই সংস্থার প্রবর্তক। এরপর বহু দশক পেরিয়ে আজও মহিলা ও শিশু কল্যাণমূলক কাজে নিজেদের নিযুক্ত রেখেছে এই সংস্থা। মেয়েদের বিভিন্ন ধরনের কাজ শেখানো হয় এখানে। সেলাই শিখে কখনও শাড়ি বা পোশাকে এমব্রয়ডারির কাজ করেন এখানকার মেয়েরা, কখনও বা তার ভিত্তিতে তৈরি করেন ফ্রক, কুর্তা, ব্লাউজ সহ বিভিন্ন ধরনের পোশাক। এছাড়াও যাঁরা রাঁধতে ভালোবাসেন তাঁদের আচার, জ্যাম, জেলি, বড়ি, পাঁপড় ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু হাতের কাজই নয়, স্পোকেন ইংলিশ, যোগাসন এইসবও শেখে এখানকার নারী ও শিশুরা। সেলাইয়ের পাশাপাশি রয়েছে উল বোনা, ক্রুশের কাজ শেখার সেন্টারও। এছাড়াও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সংস্থার তরফে। বিশেষ বিশেষ দিনে, যেমন সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, বসন্ত উৎসব, রবীন্দ্রজয়ন্তীতে নাচ, গান, নাটকের অনুষ্ঠান হয়। এছাড়া রয়েছে মেলার আয়োজন। প্রতি বছরই সংস্থার মেয়েদের হাতের কাজের প্রদর্শনীর আয়োজন করা হয়। নারী সেবা সংঘের মেলার বিশেষত্ব হল এখানে সংস্থার মেয়েরা যেমন নিজেদের কাজের স্টল দেন তেমনই বাইরে থেকেও বিভিন্ন বুটিক ও ডিজাইনার আসেন শাড়ি, পোশাক, খাবারদাবারের সম্ভার নিয়ে। মেলায় হাতে তৈরি কাঁথা, কম্বল যেমন পাবেন তেমনই পাবেন নকশা কাজের শাড়ি, ডিজাইনার ব্লাউজ, নানা ধরনের পোশাক, জ্যাম, জেলি, আচার সহ খাবারের নানারকম স্টল, ব্যাগ, স্টোল, বাচ্চাদের জামাকাপড় ইত্যাদি। এবছর নারী সেবা সংঘের ৪৮তম মেলার আয়োজন করা হয়েছে ১/১/২এ, গড়িয়াহাট রোড সাউথ, যোধপুর পার্ক ঠিকানায়। আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মেলার আয়োজন করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ