Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলা স্বনির্ভর গোষ্ঠী চাষ করবে বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল গোট

হুগলিতে বিপুল সংখ্যায় ব্ল্যাক বেঙ্গল গোট বা বাংলার কালো ছাগল চাষ করতে চায় প্রাণিসম্পদ দপ্তর। সেই লক্ষ্য পূরণ করতে মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগাতে চাইছে সরকার।

মহিলা স্বনির্ভর গোষ্ঠী চাষ করবে বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল গোট
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলিতে বিপুল সংখ্যায় ব্ল্যাক বেঙ্গল গোট বা বাংলার কালো ছাগল চাষ করতে চায় প্রাণিসম্পদ দপ্তর। সেই লক্ষ্য পূরণ করতে মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগাতে চাইছে সরকার। ওই গোষ্ঠীর মাধ্যমে জেলাজুড়ে ১৮টি প্রাণিপালন প্রকল্প তৈরির সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি প্রকল্পের জন্য প্রায় ৪০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। জেলার ১৮টি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীই ওই প্রকল্পের সুবিধা পাবে। প্রাণিসম্পদ কর্তাদের দাবি, তিনটি লক্ষ্য একসঙ্গে পূরণ করার জন্য ওই মেগা পরিকল্পনা নেওয়া হয়েছে। মহিলাদের আর্থিক উন্নতি, মাংসের চাহিদা পূরণ এবং বিশ্বখ্যাত বাংলার কালো ছাগলের প্রজাতিকে ধরে রাখা, এই তিনটিই মূল লক্ষ্য।

Advertisement

হুগলি জেলা পরিষদের প্রাণিসম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন, ‘জেলার নিরিখে একটি মেগা প্রকল্প রাজ্য সরকারের সহযোগিতায় নেওয়া হয়েছে। ১৮টি ব্লক থেকে একটি করে স্বনির্ভর গোষ্ঠী বাছাই করে ব্ল্যাক বেঙ্গল গোট চাষ করা হবে। মহিলাদের আর্থিক উন্নতির সঙ্গে ওই বিশ্বখ্যাত ছাগলের প্রজাতিকে রক্ষা করা এবং আরও বেশি করে চাষের আওতায় আনাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যেই ওই প্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে।’ 
হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন, ‘রাজ্য সরকারের দূরদর্শী সিদ্ধান্তে নানাভাবে গ্রামীণ মানুষ উপকৃত হচ্ছেন। ব্ল্যাক বেঙ্গল গোট হুগলিতে চাষ করা এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তা করানোর সিদ্ধান্ত খুবই উল্লেখযোগ্য। জেলার প্রাণিসম্পদ বৃদ্ধি এবং অর্থনৈতিক মানোন্নয়নে ওই প্রকল্প বিরাট ভূমিকা নেবে।’
প্রাণিসম্পদ কর্তাদের সূত্রে জানা গিয়েছে, বাছাই করা স্বনির্ভর গোষ্ঠীর প্রতিটিকে ১০টি করে ছাগল ছানা দেওয়া হবে। সেগুলিকে নিয়েই খামার গড়ে তুলতে হবে। রাজ্য সরকারের তরফে একগুচ্ছ সাহায্য দেওয়া হবে। তার মধ্যে অন্যতম পোষ্যগুলির চিকিৎসা। একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত পোষ্যগুলিকে বাঁচিয়ে রাখতে পারছে অতিরিক্ত উৎসাহ ভাতাও দেওয়া হবে। এক প্রাণিসম্পদ কর্তা বলেন, ‘মূলত বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিকে ব্ল্যাক বেঙ্গল গোট চাষের জন্য বাছা হতো। এবার তা অন্য জেলাগুলিতেও ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উদ্যোগটি সমস্ত দিক থেকে ফলপ্রসূ বলেই প্রমাণিত হবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ