Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিহরপাড়া থানা ঘেরাও করে মহিলাদের বিক্ষোভ

জমি বিবাদের জেরে হরিহরপাড়া থানার নাজিরপুরের পূর্বপাড়ায় গত সোমবার বোমাবাজি ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছিল।

হরিহরপাড়া থানা ঘেরাও করে মহিলাদের বিক্ষোভ
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জমি বিবাদের জেরে হরিহরপাড়া থানার নাজিরপুরের পূর্বপাড়ায় গত সোমবার বোমাবাজি ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছিল। এরপর থেকে প্রায় রাতেই পুলিস ঘটনায় জড়িতদের ধরতে ওই এলাকায় গিয়ে তল্লাশি চালাচ্ছে। তল্লাশির নামে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে অত্যাচারের অভিযোগ তুলে শুক্রবার সকালে হরিহরপাড়া থানা ঘেরাও করে মহিলারা বিক্ষোভ দেখালেন। তাঁদের অভিযোগ, নাজিরপুরে গণ্ডগোলে জড়িতদের খোঁজে নিরীহ মানুষের বাড়িতে পুলিস তল্লাশি চালাচ্ছে।

Advertisement

গত সোমবার গভীর রাতে চোঁয়া পঞ্চায়েতের নাজিরপুর পূর্বপাড়া অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। বোমাবাজির পর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে নাজিমুদ্দিন শেখ নামে এক ব্যক্তি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় পুলিস এখনও অবধি ১১জনকে গ্রেপ্তার করেছে। এখনও ধরপাকড় চলছে। প্রায় রাতেই পুলিস নাজিরপুরে গিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। এদিন তারই প্রতিবাদে থানা ঘেরাও করা হয়। অবস্থা বেগতিক দেখে পুলিসের তরফে মহিলাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হয়। থানার আধিকারিকের আশ্বাস পেয়ে অবশেষে মহিলারা বিক্ষোভ বন্ধ করে বাড়ি ফেরেন। এক মহিলা বিক্ষোভকারী বলেন, আমরা খুব আতঙ্কে রয়েছি। রাত হলেই পুলিস সোজা বাড়িতে ঢুকে পড়ছে। অকথ্য ভাষায় কথা বলছে। যারা এধরনের কাজ করে, তারা কী কখনও এলাকায় বসে থাকে? তারা তো পালিয়ে গিয়েছে। আর তাদের খোঁজে প্রায় রাতেই আমাদের বাড়িতে এসে অত্যাচার করা হচ্ছে। আমরা শান্তিতে বসবাস করতে পারছি না। তবে পুলিসের দাবি, ওই ঘটনায় জড়িত বেশিরভাগ লোক এলাকা ছাড়লেও ধীরে ধীরে অনেকেই গ্রামে ফিরছে। তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হচ্ছে। ইতিমধ্যে ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ