নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরুষদল পারেনি। তবে মহিলা দল করে দেখাল। এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ জিতল লাল-হলুদ প্রমিলা ব্রিগেড। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে ওড়িশা এফসি’কে ১-০ গোলে হারাল ইস্ট বেঙ্গল। ম্যাচের একমাত্র গোলটি সৌম্যা গুগুলথের। এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ইস্ট বেঙ্গলের সংগ্রহ ৩৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা গোকুলামের চেয়ে আট পয়েন্টে এগিয়ে তারা। চলতি আই লিগে শুরু থেকেই দাপট দেখায় লাল-হলুদ মহিলা দল। ১৩ ম্যাচের মধ্যে ১১টিতে জয় পেয়েছে তারা। হেরেছে মাত্র একটিতে। আর ড্র একটি। স্বাভাবিকভাবেই মহিলা দলের এই সাফল্যে উচ্ছ্বসিত লাল-হলুদ অনুরাগীরা।



