সন্দীপন দত্ত, মালদহ: তৃণমূলের জমানায় বাংলায় সবচেয়ে বেশি নারীদের উন্নয়ন হয়েছে। যা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়েয় নেতৃত্বে। ইংলিশবাজার ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়া সম্মিলনি অনুষ্ঠানের মঞ্চ থেকে বৃহস্পতিবার একথা বলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান।
তাঁর কথায়, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো কিছু প্রকল্প চালু করা হয়েছে, যা অভূতপূর্ব। ছোট সমস্যা সমাধানের চেষ্টায় পাড়ায় সমাধানের মতো প্রকল্প আনা হয়েছে। এই রাজ্যের উন্নয়নের গতি বজায় রাখতে আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে তাঁর শক্তি বৃদ্ধি করতে হবে।
ইংলিশবাজার সহ বৃহস্পতিবার মালদহ জেলার বিভিন্ন ব্লকে তৃণমূলের বিজয়া সম্মিলনি হয়। ইংলিশবাজার ব্লকের পক্ষ থেকে এদিন জহুরাতলা এলাকায় অনুষ্ঠানে সাংসদ সহ মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, বিশিষ্ট সমাজসেবী প্রসূন ঘোষ, রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমূল হোসেন, ইংলিশবাজার ব্লক তৃণমূল সভানেত্রী প্রতিভা সিংহ, তৃণমূল নেত্রী চৈতালি সরকার, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি উপস্থিত ছিলেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তৃণমূলের টিকিটে লোকসভায় লড়েছিলেন ইউসুফ। প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই অধীররঞ্জন চৌধুরীকে হারিয়ে তিনি বহরমপুরের সাংসদ হন।
বাইশ গজের পাশাপাশি রাজনৈতিক মঞ্চেও ওভার বাউন্ডারি হাঁকান প্রাক্তন এই জাতীয় ক্রিকেটার।
অনুষ্ঠান শেষে এদিন এসআইআর সম্পর্কিত প্রশ্নের উত্তরে ইউসুফ বলেন, এবিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যা বক্তব্য, দলের একজন কর্মী হিসেবে সেটাই আমার পথ। এনিয়ে আলাদা করে কিছু বলার নেই। নিজস্ব চিত্র