নিজস্ব প্রতিনিধি, তমলুক, ঝাড়গ্ৰাম ও সংবাদদাতা, কাঁথি: শনিবার আন্তর্জাতিক নারী দিবসে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে নানা অনুষ্ঠান হল। ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পদযাত্রা করা হয়। শহরের রবীন্দ্র পার্ক থেকে পদযাত্রা শুরু হয়। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নিয়তি মাহাত সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিয়তিদেরী বলেন, বাংলার মহিলারা আজ স্বনির্ভর হয়ে উঠছেন। রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে নানা প্রকল্প চালু করেছে। এদিন বিনপুর-২ ব্লক প্রশাসনের উদ্যোগে পদযাত্রা করা হয়। ব্লক অফিসে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিডিও সুমন ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র সর্দার সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন।
মেদিনীপুরে জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে দিনটি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি, বিধায়ক সুজয় হাজরা সহ প্রশাসনের আধিকারিকরা। এদিন সকালে মেদিনীপুর শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদন থেকে পদযাত্রা বের হয়। সমাজের নানা ক্ষেত্রে অগ্রণী নারীরা তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সম্মান জ্ঞাপন করা হয়। সবং ব্লকের রুইনান মাদুর হাবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া সহ ব্লকের জনপ্রতিনিধিরা। মন্ত্রী বলেন, নারীশক্তিকে এগিয়ে আসতেই হবে। মুখ্যমন্ত্রী সর্বদা নারীদের পাশে থাকেন। এদিন মেদিনীপুর শহরে জেলা মহিলা তৃণমূলের তরফে পদযাত্রা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা সহ জেলা নেতৃত্ব।
এদিন কাঁথির দেশপ্রাণ কলেজে নানা অনুষ্ঠান হয়। তমলুকের নিমতৌড়িতে হোমে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রীদের নিয়ে নানা অনুষ্ঠান হয়। নন্দকুমারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে নানা অনুষ্ঠান হয়। দীঘা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। বক্তব্য রাখেন বিজ্ঞানী সুচেতা ত্রিপাঠী। উপস্থিত ছিলেন জয়েন্ট লেবার কমিশনার অনিন্দিতা ভট্টাচার্য, রামনগর-১ বিডিও পূজা দেবনাথ প্রমুখ। • ঝাড়গ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে নারী দিবস উপলক্ষ্যে মিছিল। নিজস্ব চিত্র