নিজস্ব প্রতিনিধি, বর্ধমান, আসানসোল ও সংবাদদাতা, কালনা: আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে শনিবার দুই বর্ধমানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বর্ধমান শহরে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল করা হয়। সংগঠনের সভানেত্রী শিখা সেনগুপ্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সংবর্ধনা দিল পূর্বস্থলী-১ ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি। শ্রীরামপুর বাজারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী রীতা প্রামাণিক প্রমুখ। এদিন স্বনির্ভর গোষ্ঠী থেকে ঋণ নিয়ে প্রতিষ্ঠিত ছ’জন মহিলাকে সংবর্ধনা দেওয়া হয়। স্বপনবাবু বলেন, নারী শিক্ষার প্রসার ও স্বনির্ভরতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রুপশ্রী সহ একাধিক প্রকল্পে মহিলারা সুবিধা পেয়ে মাথা উঁচু করে বাঁচার অধিকার পেয়েছেন।
মুখ্যমন্ত্রীর কবিতার লাইন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে শাড়ি। আন্তজার্তিক নারী দিবসে সেই শাড়ি দিয়েই নিজ নিজ ক্ষেত্রে লড়াই করে প্রতিষ্ঠিত নারীদের সম্মান জানালো তৃণমূল কংগ্রেস। দুর্গাপুরের সৃজনী হলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সেখানে চিকিৎসক, অধ্যাপিকা থেকে মহিলা টোটোচালক, সাফাইকর্মী সর্বস্তরের সফল নারীদের সম্মানিত করে তৃণমূল জেলা নেতৃত্ব।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কবিতা লেখা শাড়ির পাশাপাশি তাঁদের প্রত্যেকের হাতে মুখ্যমন্ত্রীর লেখা বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ৫০জন মহিলাকে আমরা সম্মানিত করেছি। মুখ্যমন্ত্রীর লেখা বই, তাঁর লেখা কবিতার লাইন মুদ্রিত শাড়ি আমরা উপহার হিসেবে দিয়েছি।