নিজস্ব প্রতিনিধি, বারাসত: মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করলে নির্বাচনে মহিলারাই তার জবাব দেবেন। রবিবার বারাসতে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, বিল পাশ হয়ে যাবে। যারা মহিলা বিল পাশের বিরোধিতা করবে, নির্বাচনের মধ্য দিয়ে মহিলারাই তাদের জবাব দেবেন।
তবে এদিনের অনুষ্ঠানের মূল সুর ছিল নাগরিকত্বের দাবি। দেশের প্রতিটি উদ্বাস্তু যাতে নাগরিকত্বের অধিকার পান, তা নিশ্চিত না-হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানাল নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি। বারাসতের রবীন্দ্র ভবনে সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় সর্বভারতীয় গুণীজন সংবর্ধনা সভা। নাগরিকত্ব আন্দোলনের সঙ্গে যুক্ত অনশনকারী, কারাবরণকারী এবং দীর্ঘদিন ধরে আন্দোলনে শামিল কর্মীদের সংবর্ধনা জানানো হয়। তাঁদের মধ্যে ছিলেন বিধায়ক সুব্রত ঠাকুরও। আন্দোলনে প্রাণ হারানো কর্মীদের স্মরণ করার পাশাপাশি জীবিত আন্দোলনকারীদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী রামদাস আটাওয়ালে, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, অশোক কীর্তনীয়া ও সুমনা সরকার ও সাংসদ জগন্নাথ সরকার।
সভায় গত ২৫ বছরের নাগরিকত্ব আন্দোলনের ইতিহাস তুলে ধরেন ডাঃ সুবোধ বিশ্বাস। তাঁর বক্তব্য, ২০০৩ সালে নাগরিকত্ব আইন সংশোধনের পর উদ্বাস্তু বাঙালিদের নাগরিকত্বের দাবিতে বিভিন্ন রাজ্যে আন্দোলন শুরু হয়। সংগঠিতভাবে সেই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দিল্লি পর্যন্ত পৌঁছেছে সেই দাবি। ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠন। তবে আইন পাশই আন্দোলনের শেষকথা নয়। দেশের প্রতিটি উদ্বাস্তু নাগরিকত্বের অধিকার না-পাওয়া পর্যন্ত দাবি আদায়ের লড়াই চলবে।



