সুমন তেওয়ারি, আসানসোল: সরকারি বাসে এখন ফ্রিতেই যাতায়াত মহিলাদের! ক্ষমতায় এসেই নির্বাচনের আগে দেওয়া এই প্রতিশ্রুতিকে বাস্তবে পরিণত করেছে রাজ্যের বিজেপি সরকার। কিন্তু মাত্র ছ’মাসের মধ্যেই তাতে দেখা দিয়েছে নতুন ‘বিপদ’। দূরপাল্লার বাসে টিকিটের হাহাকার চরমে। কিন্তু বাস ছাড়ার সময় তাতে যাত্রী থাকছে না। এই তো গত ২ নভেম্বরের কথা। অফিস টাইমে এক মহিলার ফোন নম্বর থেকে অনলাইনে একের পর এক ‘বিনামূল্যের’ টিকিট কাটা হচ্ছিল বাঁকুড়া থেকে সল্টলেকের করুণাময়ীগামী সরকারি বাসের। তবে কোনো একজনের নামে নয়। বিভিন্ন মহিলার আধার নম্বর ব্যবহার করে শেষপর্যন্ত ওই বাসে মোট ২৬টি ‘ফ্রি’ টিকিট বুকিং হয়। এই কাজ নিয়ম বহির্ভূত নয়। একটি ফোন নম্বর থেকে কতগুলি টিকিট কাটা যাবে, তার কোনো সীমা নির্দিষ্ট করা নেই। তাই দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের (এসবিএসটিসি) কর্মীদের মনে সন্দেহ জাগলেও বিষয়টি আটকানো যায়নি। কিন্তু গোল বাধল বাস ছাড়ার সময়। ওই ২৬ জনের মধ্যে একজনও এলেন না। দেখা গেল, দূরপাল্লার এই বাস কার্যত খাঁ খাঁ করছে। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, আকছারই হচ্ছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে প্রযুক্তির শরণ নিচ্ছে এসবিএসটিসি। আসছে নতুন সফটওয়্যার। অনলাইনে বারবার ‘ফ্রি’ টিকিট কেটেও বাসযাত্রা বাতিল করলে এবার নিজে থেকে ‘ব্লক’ হয়ে যাবে সংশ্লিষ্ট মহিলার ফোন নম্বর। সেই নম্বর থেকে আর এসবিএসটিসি বাসে টিকিট কাটা যাবে না।
সূত্রের খবর, গত ২ তারিখের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ সরকারি সংস্থাটির কর্তারা। কারণ, এতে যেমন এসবিএসটিসির রাজস্ব ক্ষতি হয়েছে, তেমনই বহু যাত্রী প্রয়োজন থাকলেও টিকিট কাটতে পারেননি। সংস্থাটির তরফে যোগাযোগ করা হয় ওই মহিলার সঙ্গে। তাঁর যুক্তি, একটি পরীক্ষা দিতে যাওয়ার জন্য একসঙ্গে টিকিট কাটা হয়েছিল। কিন্তু ওই বাসে গেলে সময়মতো পৌঁছানো যেত না, তাই সবাই অন্য ব্যবস্থা করে নিয়েছে। এই যুক্তি মোটেও হজম হয়নি পরিবহণ কর্তাদের। কেন তিনি অনলাইনে টিকিটগুলি ক্যানসেল করলেন না? সেই প্রশ্ন তোলা হয়। এই পর্বেই নতুন সফটওয়্যার ব্যবহারের খবর সামনে এসেছে। এসবিএসটিসির এক শীর্ষকর্তা বলেন, ‘যে সব ফোন নম্বর থেকে এমন ফ্রি টিকিট কাটা হচ্ছে তা স্ক্যানারে রাখবে সফটওয়্যারটি। যাঁরা বারবার অনলাইনে বুকিং করেও যাত্রা করছেন না, তাঁদের নম্বর চিহ্নিত হয়ে যাবে। সেটিকে ব্লক করা হবে।’ ট্রেনের ক্ষেত্রে আইআরসিটিসির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে টিকিট কাটার সীমা নির্দিষ্ট। সরকারি বাসের ক্ষেত্রেও একটি ফোন নম্বরে তেমন কোনো লিমিট করা যায় কি না, সেব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছে এসবিএসটিসি। টিকিট অপচয়ে কড়া পদক্ষেপের পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে চালু হচ্ছে নতুন রুটও। চুরুলিয়া থেকে আসানসোল পর্যন্ত বাস পরিষেবা চালু জন্য অনুরোধ করেছিলেন জামুড়িয়ার বিধায়ক বিজন মুখোপাধ্যায়। সেই দাবিও মেনে নেওয়া হয়েছে।



