সিউড়িতে নাম-মোছার হিড়িক, অনুব্রত থেকে শতাব্দী, সরকারি ফলক থেকে ‘গায়েব হচ্ছেন’ নেতা-নেত্রীরা!
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শহরের যেখানে সেখানে সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর কিংবা উদ্বোধনী ফলক থেকে মুছে দেওয়া হচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের নাম! কোথাও নামের উপর লেপা হয়েছে সাদা রং, কোথাও আবার ঘষে তুলে দেওয়া হয়েছে অক্ষর, আবার কোথাও স্রেফ কাগজ সেঁটে আড়াল করা হয়েছে অতীতকে। বীরভূমের সদর শহর সিউড়িতে কান পাতলে এখন এই একটাই চর্চা— ক্ষমতার পালাবদলের প্রভাব কি এবার সোজা এসে পড়ছে সরকারি ফলকগুলির উপর?

Advertisement

আজ, রবিবার ১৫ নভেম্বর দেশজুড়ে পালিত হচ্ছে আদিবাসী জননায়ক ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী। সরকারিভাবে দিনটি ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে পালিত হচ্ছে। উৎসবের আবহে সিউড়ির জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর চত্বরে থাকা বিরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তিটি পরিষ্কার করে গাঁদা ফুলের মালায় সাজানো হয়েছে ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয়, মূর্তির নিচে থাকা উদ্বোধকের নামটিতে নিখুঁতভাবে কাগজ সেঁটে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এই মূর্তির আবরণ উন্মোচন করেন তৎকালীন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। দপ্তরের কর্মীদের একাংশের সন্দেহ, বর্তমান শাসকদলের বেশ কিছু অতি-উৎসাহী যুবক এই কাণ্ড ঘটিয়েছে। এই নাম-মোছার খেলা অবশ্য শুধু তথ্য দপ্তরেই থেমে নেই। গত বছরই হাটজনবাজার এলাকায় একটি পুকুরঘাট ছটপুজোর আগে সংস্কার করা হয়। তৎকালীন পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং স্থানীয় প্রাক্তন কাউন্সিলার পিঙ্কি দাসের নামাঙ্কিত একটি ফলক সেখানে বসানো হয়েছিল। সেই ফলকটি এখন বাঁকা অবস্থায় মাটিতে লুটোচ্ছে। ঘষে ঘষে নামগুলি তুলে দেওয়া হয়েছে! একই এলাকার নেতাজি মূর্তির ফলকেরও ঠিক একই হাল। বিধানসভা ভোটের প্রাক্কালে সিউড়ি বাসস্ট্যান্ড থেকে সরিয়ে নেতাজির এই মূর্তিটি এখানে বসানো হয়েছিল। সেই ফলকে থাকা বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং সিউড়ির বর্তমান বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নামের উপর সরাসরি সাদা রং মাখিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। স্থানীয় নাগরিকদের ক্ষোভ, আগের জনপ্রতিনিধিদের কাজ নিয়ে রাজনৈতিক মতানৈক্য থাকতেই পারে, কিন্তু এভাবে ফলক বিকৃত করা কুরুচিকর একটি বিষয়। প্রশাসন বা পুরসভা অবশ্য এই ঘটনার দায় নিতে নারাজ। অন্যদিকে, গোটা ঘটনা থেকে দূরত্ব বজায় রেখেছে বিজেপিও। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের নোংরা রাজনীতি আমরা করি না। জেলা প্রশাসনের কাছে আমার আবেদন, যারা এই কুকীর্তি করেছে, তাদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।