সংবাদদাতা, শিলিগুড়ি: রসগোল্লা! নামটির সঙ্গেই যেন জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ, ঐতিহ্য আর গর্বের এক ইতিহাস। রসের টানে এই মিষ্টি শুধু বাংলার ঘরে ঘরে নয়, ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশের অসংখ্য মানুষের রসনাতেও। এবার সেই রসগোল্লাকেই বাংলার পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবে বিশ্বদরবারে আরও ব্যাপকভাবে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্যের পর্যটন দপ্তর। শুধু রসগোল্লা নয়, বাংলার নিজস্ব স্বাদ ও খাদ্য সংস্কৃতিকেও পর্যটনের সঙ্গে জুড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। শনিবার শিলিগুড়িতে রসগোল্লা দিবস উদযাপনের অনুষ্ঠানে এমনই ঘোষণা করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
২০১৭ সালের ১৪ নভেম্বর বাংলার রসগোল্লা জিআই স্বীকৃতি পাওয়ার পর থেকেই দিনটি রসগোল্লা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সেই ঐতিহাসিক স্বীকৃতির স্মৃতিকে সামনে রেখেই এদিন শিলিগুড়িতে উৎসবে মাতেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। শহরের ২৯ জন মিষ্টি ব্যবসায়ীকে নিয়ে গঠিত যৌথ মঞ্চের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে রসগোল্লা বিতরণ করা হয়। মিষ্টির স্বাদে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শহরবাসীর মধ্যে।
অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, কোনো পর্যটক নতুন জায়গায় বেড়াতে গেলে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় খাবারের প্রতিও তাঁর বিশেষ আকর্ষণ থাকে। সেই প্রবণতাকে কাজে লাগিয়েই বাংলার নিজস্ব খাবারকে পর্যটনের অন্যতম সম্পদ করে তুলতে চাইছে সরকার। রসগোল্লা থাকবে সেই তালিকার শীর্ষে। বাংলার বিশেষ বিশেষ খাবার দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরার জন্য ইতিমধ্যেই রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে।
রসগোল্লার আবিষ্কার ও তার ইতিহাস নিয়ে দীর্ঘদিনের চর্চা এবং বিতর্কের প্রসঙ্গও তুলে ধরেন শংকর ঘোষ। তাঁর কথায়, রসগোল্লাকে ঘিরে এই ঐতিহাসিক টানাপোড়েন, আলোচনা ও মানুষের আবেগই মিষ্টিটির জনপ্রিয়তাকে আরও বাড়িয়েছে। সেই আবেগকে কাজে লাগিয়ে রসগোল্লাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে শিলিগুড়িতে একটি মিষ্টি হাব তৈরির প্রস্তাব দিয়েছেন স্থানীয় মিষ্টান্ন ব্যবসায়ীরা। পর্যটনমন্ত্রী তাঁদের উদ্যোগ শুরু করার আহ্বান জানিয়ে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলার মিষ্টির ঐতিহ্যকে কেন্দ্র করে শিলিগুড়িও আগামী দিনে নতুন পরিচিতি পেতে পারে, এই প্রত্যাশাতেই এদিনের রসগোল্লা দিবস হয়ে উঠল শুধু মিষ্টি বিতরণের উৎসব নয়, বরং বাংলার মিষ্টির স্বাদকে বিশ্বমুখী করার নতুন অঙ্গীকার।



