সংবাদদাতা, বোলপুর: অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খানকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, শনিবার রাতে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বেরনোর পরই প্রথমে তাঁকে আটক করা হয়। এর পরে আনা হয় থানায়। দীর্ঘ জেরার পরে রাতে এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে নানুর থানা।
জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার নানা অভিযোগ রয়েছে আব্দুল কেরিম খানের বিরুদ্ধে। তাঁর নেতৃত্বে বীরভূম জেলাজুড়ে রাজনৈতিক সন্ত্রাস ছড়ানো হয়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই তিনি পুলিশের নজর এড়িয়ে চলছিলেন। বিভিন্ন ধরনের অপরাধে এই তৃণমূল নেতার বিরুদ্ধে আগে ৩২টি মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। আগামীকাল রবিবার তাঁকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।



