নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ৩৬টি মামলায় অভিযুক্ত জামিন পেল কীভাবে খোঁজ নিয়ে দেখা হবে। দুষ্কৃতিদের গুলিতে জখম পুলিশকর্মীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে এমনটাই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাহসিকতার জন্য এদিন তিনি পুলিশকর্মীকে পুরস্কৃত করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘ওই পুলিশকর্মীকে যে গুলি করেছে সে কুখ্যাত দুষ্কৃতি। পুলিশ প্রয়োজন মতো ব্যবস্থা নেবে। এই দুষ্কৃতীরা তৃণমূলের আমলে ভোট লুট করত। এদেরকে ওরা কাজে লাগাতো। এখন আগের সরকার নেই। পুলিশ অত্যন্ত শক্তিশালী। কোনও দুষ্কৃতী রেহাই পাবে না। পুলিশ আহত হলে বাড়িতে বসে থাকবো না। তাঁর পাশে থাকবো।
শুক্রবার সন্ধ্যায় নানুরের বাসাপাড়ার বাসিন্দা এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে গিয়ে বোলপুর থানার এক কর্মী আহত হন। তাঁকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদিন রাতে মুখ্যমন্ত্রী হঠাৎ তাঁকে দেখতে আসেন। তিনি বলেন, ‘পুলিশ অনেক ভালো কাজ করছে। অনেক বড় বড় অপরাধীকে গ্রেপ্তার করেছে। এই দুষ্কৃতীও ছাড় পাবে না। আমি আইনের কথা বলব। কিন্তু অপরাধ দমনে পুলিশকে খোলা হাত দেওয়া আছে। তারা প্রয়োজনমতো ব্যবস্থা নেবে।’



