পুলিশ কর্মীকে গুলিকাণ্ড: ২৪ ঘণ্টা পরেও অধরা অভিযুক্তরা! সরব বিজেপি বিধায়ক ও জেলা সভাপতি
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: পুলিশ কর্মীকে গুলি চালানোর ঘটনার ২৪ ঘণ্টা পরেও অধরা অভিযুক্তরা। তাদের খোঁজে পুলিশ তল্লাশি জারি রাখলেও এখনো গ্রেপ্তার করতে পারেনি। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন লাভপুরের বিজেপি বিধায়ক দেবাশিস ওঝা। সরব হয়েছেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলও। শুক্রবার রাতে বোলপুর মহকুমা হাসপাতালে জখম কনস্টেবলকে দেখতে গিয়ে তিনি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তদন্ত কাজ খতিয়ে দেখতে শনিবার সকালে শান্তিনিকেতন থানায় পৌঁছান বর্ধমান রেঞ্জের ডিআইজি শ্রীহরি পান্ডে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র মজুত ও মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রতন শেখ ও তার এক সঙ্গীকে ধরতে শুক্রবার সন্ধ্যায় লায়েকবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন পাকুরতলায় পৌঁছান শান্তিনিকেতন থানার দুই পুলিশকর্মী। রতনের বাড়ি নানুরের সাঁতরা গ্রামে। ২০২৩ সালের একটি মামলায় সে বোলপুর সংশোধনাগারে বন্দি ছিল। ওইদিন সকালে সে জামিনে মুক্তি পায়। সেখান থেকে বেরিয়ে ফের অপরাধমূলক কাজে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। দুষ্কৃতীরা পুলিশি উপস্থিতির কথা বুঝতে পেরেই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর বাঁ পায়ের হাঁটুর কাছে গুলি লাগে। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই অভিযুক্ত।
ঘটনার খবর পেয়ে রাতে হাসপাতালে পৌঁছান লাভপুরের বিজেপি বিধায়ক দেবাশিস ওঝা। যদিও তার আগেই জখম পুলিশকর্মীকে বর্ধমানে রেফার করা হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দেড় মাস আগে আমাদের বুথকর্মী মারা গেলেন। ফের গুলি চালানোর ঘটনা ঘটল। এবার গুলিবিদ্ধ হলেন পুলিশ কর্মীই। এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নতুন সরকারের আমলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু, বোলপুরে এখনো তা প্রতিষ্ঠা হয়নি। এটা আমাদের লজ্জার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সকালে জমা নিয়ে বিকালে খরচের কথা। তাই এই ধরনের কাজ যারা করছে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পুলিশের ব্যর্থতা রয়েছে, তা মানতেই হবে। ঠিকমতো তথ্য থাকলে এই ঘটনা ঘটত না। এবিষয়ে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। 
ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। তিনিও হাসপাতালে গিয়ে জখম পুলিশকর্মীর খোঁজ নেন। তিনি বলেন, আমি খুবই ব্যথিত ও উদ্বিগ্ন। বোলপুর মহকুমা এলাকায় বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন? কিছুদিন আগেই আমার বুথ সভাপতি খুন হয়েছেন। তারপর এবার পুলিশকর্মী গুলিবিদ্ধ হলেন। তাহলে কি বোমা, বারুদ, বন্দুকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই এলাকা? জেলা পুলিশের এক আধিকারিক বলেন, অভিযুক্তদের খোঁজ চলছে। খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।