সংবাদদাতা, উলুবেড়িয়া: আমরা কবে অন্নপূর্ণা যোজনার টাকা পাব? মঙ্গলবার এই নিয়ে উত্তেজনা ছড়াল হাওড়া গ্রামীণ জেলার জগৎবল্লভপুর ও উলুবেড়িয়ায়। এদিন সকালে অন্নপূর্ণা যোজনার টাকার দাবিতে জগৎবল্লভপুরে পথ অবরোধ করেন মহিলারা। আবার দুপুরে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে মহিলারা বিক্ষোভ দেখান। প্রশাসন সূত্রে খবর, জমা পড়া সমস্ত আবেদনপত্র যাচাইয়ের পর তালিকা তৈরি করে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিভিন্ন সময়ে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ করেছেন মহিলারা। যাঁরা টাকা পাননি, তাঁদের আশা ছিল দুর্গাপুজোর আগে হয়ত টাকা পেয়ে যাবেন। কিন্তু পুজোর আগে টাকা না পাওয়ায় তাঁদের একাংশ ক্ষোভে ফেটে পড়লেন এদিন। জগৎবল্লভপুর থানার পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকবাড়ি এলাকায় হাওড়া-আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার আবেদন করার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও অনেকের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এমনকি, কেন আবেদনপত্র আটকে রয়েছে, তারও সদুত্তর দিতে পারছেন না কেউ। অন্যদিকে, এক ঘণ্টার উপর রাস্তা অবরোধে যান চলাচল ব্যাহত হয়। পরে রাস্তা অবরোধের খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। অন্যদিকে, এদিন দুপুরে একই দাবিতে শতাধিক মহিলা উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার ফরম পূরণ করার পর একাধিকবার এই অফিসে কাগজপত্র জমা দিলেও এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এদিনও অফিসের লোকজন কাগজ জমা দিতে বলেছেন। আমাদের আবেদনপত্রে কোথায় কী সমস্যা রয়েছে, তা কেউ বলতে পারছেন না। তাঁদের বক্তব্য, ভুলভ্রান্তি কোথায় রয়েছে, তা জানতে পারলে সংশোধন করা যায়। অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানান মহিলারা।



