একইদিনে একাধিক বাসে বুকিং! ঝাড়গ্রামে ‘দিদিগিরি’ মহিলা যাত্রীদের
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসে মহিলাদের জন্য সরকারি বাসে যাতায়াত সম্পূর্ণ ফ্রি করেছে। সরকারি বাসে মহিলা যাত্রীর সংখ্যা আগের চেয়ে অনেকটাই বেড়েছে। মহিলা যাত্রীদের একাংশের বিরুদ্ধে একই দিন ও সময়ের একাধিক রুটের টিকিট বুক করা, গন্তব্যস্থলের আগেই নেমে যাওয়া, স্টপেজে ছাড়াই যত্রতত্র বাস থামানোর অভিযোগ উঠেছে। মহিলা যাত্রীদের একাংশের ব্যবহারে কলকাতা-ঝাড়গ্রাম রুটের কনডাক্টররা অতিষ্ঠ।

Advertisement

রাজ্যে গত জুন মাস থেকে মহিলা যাত্রীদের জন্য ফ্রি-তে বাসে যাতায়াতের পরিষেবা চালু হয়েছে। দূরপাল্লার বাসের ক্ষেত্রে মহিলাদের টিকিট কাটতে হচ্ছে না। তাতেই বেঁধেছে গোলযোগ। কলকাতা থেকে লোধাশুলি ও ঝাড়গ্রাম রুটের সরকারি বাসে একই সময়ে একাধিক সিট বুক করছেন মহিলারা। এতে অন্যরা টিকিট পাচ্ছেন না। মহিলা যাত্রীদের একাংশ মাঝপথ থেকে বাসে  উঠছেন। অনেকক্ষেত্রে নির্দিষ্ট স্টপ ছাড়াই যত্রতত্র বাস থামানো হচ্ছে। মাঝপথে উঠে সিটে বসা যাত্রীদের উঠে যেতে বলা হচ্ছে। রাস্তায় হাত দেখিয়ে বাস না থামালে চিৎকার করে অভিযোগ জানানোর হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। চালক নির্দিষ্ট স্টপ ছাড়াই বাস থামাতে বাধ্য হচ্ছেন। বুক করা সিটে অন্য যাত্রীরা বসার পর উঠতে না চাইলে কন্ডাক্টরদের কাছে কৈফিয়ত চাওয়া হচ্ছে। বাসের নিত্য অশান্তি চলছে। অভিযোগ, মহিলা যাত্রীরা অনলাইনে একাধিক রুটে সিট বুকিং করে একটি বাসে যাতায়াত করছেন। অন্য বাসের বুকিং বাতিল করছেন না। যারফলে কাগজে-কলমে যাত্রী থাকলেও বাসের একাধিক সিট ফাঁকা অবস্থায় গন্তব্যে পৌঁছাচ্ছে। ট্রেনের ক্ষেত্রে আইআরসিটিসির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে টিকিট কাটার নির্দিষ্ট সীমা রয়েছে। কিন্তু সরকারি বাসের ক্ষেত্রে একটি ফোন নম্বর থেকে বুকিং করার কোনো সীমা নেই। সেকারণে অপব্যবহার হচ্ছে বলে মনে মনে করা হচ্ছে। কন্ডাক্টরদের অভিযোগ, বুকিং করা সিটে বসা যাত্রীরা না উঠলে মাঝপথে ওঠা মহিলা যাত্রীদের একাংশ তুলকালাম শুরু করে দিচ্ছেন। পরিস্থিতি সামালানো কঠিন হয়ে পড়েছে। অভিযোগ হলে দপ্তরের কর্তাদের কাছে প্রশ্নের মুখে পড়ার আশঙ্কায় কন্ডাক্টররা উদ্বেগের মধ্যে রয়েছেন। কন্ডাক্টাররা ঝাড়গ্রামে ডিপোয় এসে ক্ষোভ উগরে দিচ্ছেন। 
ডিপোয় দাঁড়িয়ে এক কন্ডাক্টর বলেন, এক মহিলা যাত্রী সোমবার কলকাতা থেকে কোলাঘাট পর্যন্ত টিকিট বুক করেছিলেন। পাঁচলায় নেমে গেলেন। নিত্যদিন এমন ঘটনা ঘটেছে। অথচ ওই সিটে একজন যাত্রী ঝাড়গ্রাম পর্যন্ত আসতে পারতেন। আর এক কন্ডাক্টর বলেন, একজন মহিলা যাত্রী চারটি সিট বুক করেছিলেন। তিনি না আসায় সিট খালি পড়ে থাকল। কলকাতা থেকে ঝাড়গ্রাম আসার লোধাশুলি ও মেদিনীপুর-ধেড়ুয়া হয়ে দু’টি রুট আছে। কলকাতা থেকে ঝাড়গ্রাম টিকিট বুক করে মহিলা যাত্রীদের অনেকেই মেদিনীপুর থেকে বাসে উঠেছেন। যাঁরা দীর্ঘ পথ আসছেন তাঁদের সিট থেকে উঠতে বলতে হচ্ছে। এছাড়াও স্টপেজে ছাড়াই যত্রতত্র বাস থামাতে হচ্ছে। বাস না থামালে অভিযোগ করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। সিটে বসা যাত্রী উঠতে চাইলে আমাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। অভিযোগের ভয়ে উদ্বেগে পড়ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্যার কথা বলা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ডিপোর এক আধিকারিক বলেন, কলকাতা থেকে ঝাড়গ্ৰাম বুক করা হচ্ছে। অথচ মাঝপথে বাসে উঠছেন। বাস ছাড়ার সময় সিট খালি পড়ে থাকছে। লোকসানও বাড়ছে।