


সংবাদদাতা,বিষ্ণুপুর: মৎস্যচাষিদের প্রায় ৩১কোটি টাকার মাছের চারা বিলির দায়িত্ব পেলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। রাজ্য সরকার এবারই প্রথম তাঁদের এই দায়িত্ব দিল। এতদিন মৎস্য দপ্তরের মাধ্যমে তা সরাসরি মৎস্য চাষিদের কাছে সরবরাহ করা হতো। এবার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই তা বিলি করবেন। রাজ্যের ২১টি জেলায় ৬১হাজার ৭৫০জন মৎস্যচাষিকে বিনামূল্যে রুই, কাতলা ও মৃগেলের চারা দেওয়া হবে। শুক্রবার এনিয়ে জেলায় জেলায় নির্দেশিকা পৌঁছেছে। এতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাড়তি আয় করতে পারবেন। তাঁদের জন্য রাজ্য সরকারের ওই পদক্ষেপকে গোষ্ঠীর মহিলারা সাধুবাদ জানিয়েছেন।
বাঁকুড়া জেলা গ্রামোন্নয়ন শাখার এক আধিকারিক বলেন, এবারই প্রথম স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মাছের চারা বিতরণ করা হবে। মৎস্য দপ্তরের চিহ্নিত করা চাষিদেরকেই তা বিতরণ করতে বলা হয়েছে। বাঁকুড়া জেলায় ৩হাজার এরকম মৎস্য চাষি রয়েছেন। তাঁদের প্রত্যেককে এক হাজার পিস মাছের চারা বিতরণ করতে বলা হয়েছে। তার জন্য প্রতিটি ব্লক প্রশাসনকে স্বনির্ভর গোষ্ঠী বাছাই করে দ্রুত তাদেরকে ওয়ার্ক অর্ডার দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার মহিলাদের স্বনির্ভরতার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। নিজেরা আর্থিক উদ্যোগের জন্য স্বল্প সুদে ব্যাঙ্ক লোনের যেমন ব্যবস্থা করা হয়েছে, তেমনই সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে স্বনির্ভর গোষ্ঠীকে যুক্ত করা হয়েছে। এর আগে সহায়ক মূল্যে ধান কেনা থেকে শুরু করে স্কুল ড্রেস তৈরির দায়িত্ব তাঁদের দেওয়া হয়েছে। এমনকী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল,ডাল সহ অন্যান্য সামগ্রী সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে। এবারই প্রথম মাছের চারা বিলির দায়িত্বও গোষ্ঠীর মহিলাদের দেওয়া হল। এতদিন মৎস্য দপ্তরের অধীন কর্পোরেশন অথবা অন্য কোনও এজেন্সির মাধ্যমে মাছের চারা কিনে তা মৎস্য চাষিদের বিতরণ করা হতো। এবার থেকে দপ্তরের বরাদ্দ টাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রুই, কাতলা ও মৃগেল মাছের চারা কিনবেন। তাঁরা তা সরাসরি চাষিদের কাছে পৌঁছে দেবেন। এতে মাঝখানের লভ্যাংশ তাঁরাই পাবেন।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, গ্রামাঞ্চলে বহু ব্যক্তি নিজেদের ছোট ছোট জলাশয়ে মাছ চাষ করে অর্থ উপার্জন করেন। তাঁরা মূলত দেশি মাছই চাষ করেন। তাঁদের সহায়তা করার জন্য মৎস্য দপ্তর আগে থেকেই বিনামূল্যে মাছের চারা বিতরণ করে আসছে। এবারও রাজ্যে ২১টি জেলায় ৬১হাজার ৭৫০জন মৎস্য চাষিকে ৩০কোটি ৮৭লক্ষ ৫০হাজার টাকার মাছের চারা বিনামূল্যে বিতরণ করা হবে। প্রতি চাষিকে ১হাজার করে মাছের চারা দেওয়া হবে। এর মূল্য ৫হাজার টাকা। ১০থেকে ১২সেন্টিমিটার মাপের চারা দেওয়া হবে। প্রতিটি চারার মূল্য ৫টাকা হিসাবে স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হবে। এবার থেকে তাঁরাই চারা সাপ্লাই করবেন।