Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মদ বিক্রি বন্ধে কারবারিদের জরিমানা করবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

খবর দেওয়ার জন্য তিনটি মোবাইল নম্বরও পোষ্টারে ছাপানো হয়েছে।

মদ বিক্রি বন্ধে কারবারিদের জরিমানা করবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: মদ তৈরি বা বিক্রি করলে ‘জরিমানা’ দশ হাজার টাকা। আর সেই খবর যে দেবে তাঁকে তিন হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। মদের রমরমা ব্যবসা বন্ধ করতে গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে পোষ্টার সাঁটিয়ে একথা জানিয়েছেন নলহাটির উজিরপুর গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। খবর দেওয়ার জন্য তিনটি মোবাইল নম্বরও পোষ্টারে ছাপানো হয়েছে। 

Advertisement

গ্রামবাসীদের দাবি, বেশ কয়েকবছর ধরে গ্রামের বহু পরিবার চোলাই মদ তৈরি করছেন। অনেকে তাদের কাছ থেকে নিয়ে এসে ব্যবসা করছেন। যার জেরে যত্রতত্র বসছে মদের আসর। পুরুষরা দিনমজুরি করে পাওয়া টাকা মদ খেয়ে উড়িয়ে দিচ্ছেন। তাতে সাংসারিক অশান্তি বাড়ছে। তেমনি হাতের কাজে মদ পেয়ে নেশায় আসক্ত হয়ে পড়ছে নাবালক থেকে যুবকরা। অনেকে নেশা করে মারাও যাচ্ছে। তাতে সেই পরিবার অথৈ জলে পড়ছে। অভিযোগ পেয়ে পুলিশ ও আবগারি দপ্তর মাঝেমধ্যে গ্রামে আসে। কিন্তু আগাম খবর পেয়ে কারবারিরা সাবধান হয়ে যায়। তাঁরা ফিরে যেতেই ঩ফের কারবার শুরু হয়ে যায়। এর আগে গ্রামের মহিলারা বেশ কয়েকবার পুলিশকে জানিয়েছে। কিন্তু মদের রমরমা কমার বদলে বেড়েই চলেছে। 
সম্প্রতি গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বৈঠকে বসে। সেখানে গ্রামের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে আলোচনা হয়। ঠিক হয়, এবার থেকে কেউ মদ তৈরি বা বিক্রি করলে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে। আর এই খবর দেবে তাঁকে তিনহাজার দিয়ে পুরস্কৃত করা হবে। সেই মতো পোষ্টার ছাপিয়ে গ্রামের প্রতিটি বাড়িতে সাঁটিয়ে দেওয়ার পাশাপাশি ‘মদ হটাও, গ্রাম বাঁচাও’ স্লোগান তুলে মিছিলও করে। মিছিলে বহু যুবক ও যুবতী অংশ নিয়েছিল। আন্দোলনকারী মমতাজ বিবি, রাখি লেট, সাকিলা বিবিরা বলেন, মদের জন্য বহিরাগতদের আনাগোনা শুরু হয়েছে গ্রামে। মদ খেয়ে গালিগালাজ করছে। আমরা মহিলারা বাড়ি থেকে বের হতে পারছি না। গ্রামের যুবকরাও নেশায় আসক্ত হয়ে পড়ছে। স্বামীরা মদ খেয়ে পারিশ্রমিকের টাকা উড়িয়ে দিচ্ছে। ফলে সংসারে টান পড়ছে। তাঁদের অভিযোগ, পুলিশ আসার আগেই গ্রামের সিভিকরা মদ বিক্রেতাদের খবর দিয়ে দিচ্ছে। আমাদের একটাই দাবি, গ্রাম বাঁচাও, মদ বন্ধ করো। তাঁরা বলেন, আমরা যেমন ১০ হাজার টাকা জরিমানা করব। তেমনি সেই টাকা থেকে যে খবর দেবে তাঁকে তিনহাজার টাকা পুরস্কৃত করব। বাকি টাকায় যারা মদ বিক্রি করা বন্ধ করে দেবে সেই সব দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ দেব। মহিলাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে। বিডিও রজতরঞ্জন দাস বলেন, ওই গ্রামে অবৈধ মদের রমরমা বন্ধ করতে খুব শীঘ্রই অভিযানে নামা হবে।  উজিরপুর গ্রামে মদ বন্ধ করতে এই পোষ্টার সাঁটিয়েছেন গ্রামের মহিলারা। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ