সংবাদদাতা, আলিপুরদুয়ার: সামনেই শুরু হচ্ছে পর্যটন মরশুম। সব ঠিকমতো চললে তার আগেই ডুয়ার্সের জলদাপাড়া, গরুমারা ও বক্সা জঙ্গলে জিপসি সাফারিতে ফিরছে অনলাইন বুকিং। অফলাইন বুকিংয়ে কালোবাজারী ও পর্যটকদের হয়রানি রুখতেই রাজ্য বনদপ্তরের এই পদক্ষেপ। বুধবার একথা জানান বনমন্ত্রী মনোজ কুমার ওঁড়াও।
মন্ত্রী বলেন, ‘জঙ্গল সাফারি করতে এসে দেশ-বিদেশের পর্যটকরা হয়রানি ও দালালদের খপ্পড়ের মুখে পড়ছিলেন। আমাদের কাছে একাধিক অভিযোগ আসছিল। এই অবস্থা চলতে দেওয়া যায় না। পর্যটকদের স্বার্থে জিপসি সাফারিতে অনলাইন বুকিং ব্যবস্থা ফিরিয়ে আনা হচ্ছে।’ বনদপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পর্যটন মহল ও পর্যটন সংস্থাগুলি।
গত বছরের ২২ জানুয়ারি আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জিপসি সাফারিতে অনলাইন বুকিং তুলে দিলে অফলাইন বুকিংয়ের নির্দেশ দেন। যার ফলে ফের সক্রিয় হয়ে ওঠে দালালচক্র। পর্যটকদের হয়রানির শিকার হতে হচ্ছিল বলেও অভিযোগ।