বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: চাকরির টোপ দিয়ে পশ্চিমবঙ্গের আর্থিকভাবে দুর্বল মহিলাদের কাশ্মীরে পাচার। তারপর তাঁদের বিয়ে দেওয়ার নামে টাকা কামানোর অভিযোগ উঠল। এর নেপথ্যে একটি সংগঠিত মানব পাচার চক্রের হাত রয়েছে বলে অনুমান পুলিশের। উত্তর কাশ্মীরের বারামুলাতে একটি মানব পাচার চক্রের মূল অভিযুক্তকে গ্রেপ্তারের পর বিষয়টি সামনে এসেছে। গত ১৭ নভেম্বর রিয়াজ আহমেদ মোচি নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছে, রিয়াজ ও তাঁর স্ত্রী শাহিদা বেগম বাংলার এক মহিলাকে কাশ্মীরে নিয়ে গিয়েছিলেন। এরপর বিভিন্ন ব্যক্তির সঙ্গে ওই মহিলার বিয়ের ব্যবস্থা করে তাঁদের পরিবারের কাছ থেকে টাকা আদায় করা হত।
পুলিশের দাবি, বিয়ের পর ওই পরিবারের সঙ্গে ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরি করতে বলা হত ওই মহিলাকে। এরপর তিনি অভিযুক্তদের কাছে ফিরে এলে নতুন কোনো পরিবারের সঙ্গে তাঁর বিয়ের ব্যবস্থা করা হত। এভাবে একের পর এক পরিবারের কাছ থেকে টাকা আদায় করাই ছিল চক্রের উদ্দেশ্য। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে কাশ্মীরে বাংলার মহিলাদের নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়। এর আগেও একাধিক তদন্ত ও রিপোর্টে এই ধরনের মানব পাচারের ঘটনা সামনে এসেছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে একটি ইনভেস্টিগেটিভ রিপোর্টে বাংলার এক মহিলার কথা উঠে এসেছিল। অভিযোগ, হস্তশিল্পের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছিল। পরে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে এক ব্যক্তির কাছে তাঁকে বিক্রি করে দেওয়া হয়।



