Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথাস্টিচে আধুনিকতার ছোঁয়া, প্রশিক্ষণ ও সৃষ্টিতে মেতে উঠেছেন স্বনির্ভর মহিলারা

কাঁথাস্টিচে আধুনিকতার ছোঁয়া, প্রশিক্ষণ ও সৃষ্টিতে মেতে উঠেছেন স্বনির্ভর মহিলারা
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: এবার কাঁথাস্টিচেও আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করেছে। সৌজন্যে বীরভূম জেলা গ্রামোন্নয়ন শাখা। শিল্পকলার  চিরাচরিত ধারাকে অক্ষুণ্ণ রেখে শুধুমাত্র নকশায় বদল করা হচ্ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন নকশায় শাড়ি, চুড়িদার ও পাঞ্জাবি সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ইতিমধ্যে সেই কাজে মেতে উঠেছেন। গ্রামোন্নয়ন শাখার প্রকল্প অধিকর্তা আজমল হোসেন সামগ্রিক কাজের তদারকি করছেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি ভিন্ন আঙ্গিকের কাঁথাস্টিচের পোশাক অতি দ্রুত বাজারজাত করার চিন্তাভাবনাও শুরু হয়েছে। এবিষয়ে প্রকল্প অধিকর্তা বলেন, কাঁথাস্টিচ দেশ থেকে শুরু করে বিদেশের মাটিতেও খুবই জনপ্রিয়। কিন্তু এর নকশায় নতুনত্ব কম। সেক্ষেত্রে ঐতিহ্যমণ্ডিত শিল্পকলায় খানিকটা আধুনিকতার ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধরনের নকশায় পোশাক সাজিয়ে তোলা হচ্ছে। আশা করি, নতুন আঙ্গিকের এই কাজের কদর বাড়বে।

Advertisement

বীরভূম জেলাজুড়ে স্বনির্ভর গোষ্ঠীর বহু মহিলা সদস্য কাঁথাস্টিচের কাজের সঙ্গে যুক্ত। দক্ষতার সঙ্গে দিনরাত এক করে তাঁরা বরাতের কাজ করে চলেছেন। তাঁদের মধ্যেই প্রথম ধাপে এক হাজার জনকে বাছাই করে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলার বোলপুর, সিউড়ি, মহম্মদবাজার সহ বিভিন্ন এলাকায় শিবির করে ধাপে ধাপে এই কাজ চলছে। এক্ষেত্রে কলকাতা থেকে নামজাদা ডিজাইনারদের তলব করা হয়েছে। তাঁদের হাত ধরেই গ্রামবাংলার মহিলারা কাঁথাস্টিচে আধুনিকতার ছোঁয়া দিতে শুরু করেছেন। পুরনো নকশার আদলেই নতুত্বের ছোঁয়া দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে জেলাজুড়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আধুনিকতার ছোঁয়ায় কয়েকশো পোশাক তৈরি করেছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, স্বনির্ভরগোষ্ঠীর মহিলারাই সরাসরি অনলাইনে সেসব পোশাক বিক্রি করবেন। এক্ষেত্রে মুনাফার একটা বড় অংশ তাঁদের হাতেই থাকবে। স্বাভাবিক ভাবেই কাঁথাস্টিচের দৌলতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আর্থিক ভাবে আরও অনেকটাই শক্তিশালী হয়ে উঠতে পারবেন। মনে করা হচ্ছে, কাঁথাস্টিচ পোশাকের নতুন লুক বর্তমান প্রজন্মকে অনেকাংশে আকৃষ্ট করবে। অন্যদিকে, নতুনধারায় কাজের ক্ষেত্রে শিল্পীদের পরিশ্রমও অনেকটাই কমবে। সেইসঙ্গে কাজের গুণগত মানও অনেকটা উন্নত হবে।  -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ