নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: নদীয়ার রানাঘাট পুলিশ জেলার গাংনাপুর থানা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা! মধ্যবয়স্ক এক মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ঘিরে এলাকায় শোরগোল। সোমবার রাতে এই খুনের ঘটনা ঘটেছে। পরে মঙ্গলবার গাংনাপুরের বিবেকানন্দ পল্লীর জঙ্গল থেকে উদ্ধার করা হয় ওই বছর ৪০-এর মহিলার মৃতদেহ।
পুলিস সূত্রে খবর, মৃতার নাম নমিতা বাইন। পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গাংনাপুর থানার পুলিস। প্রাথমিক তদন্তের পরেই খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় গাংনাপুরেরই বাসিন্দা জগন্নাথ বসু নামে এক ব্যক্তিকে।
তদন্তে জানা গিয়েছে, ওই মহিলাকে সোমবার রাতে শ্বাসরোধ করে খুন করেছে ধৃত জগন্নাথ। ইতিমধ্যেই তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে আজ, বুধবার রানাঘাট মহাকুমা আদালতে তোলা হবে।