নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভাড়া চাওয়াকে কেন্দ্র করে সরকারি বাসের কনডাকটরের সঙ্গে মহিলা যাত্রীর বচসা। অভিযোগ, বচসার মধ্যেই কনডাকটরকে থাপ্পড় মারেন মহিলা। পালটা কনডাকটরের বিরুদ্ধে মহিলাকে বাসে আটকে রেখে নিগ্রহ করার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়ায়। দু’পক্ষই থানায় অভিযোগ জানিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ই-৪১ রুটের হাবড়া-আসানসোল সরকারি বাস আসানসোল থেকে হাবড়ার দিকে ফিরছিল মঙ্গলবার রাতে। বারাসতের রিজেন্ট এলাকা থেকে বাসে ওঠেন ওই মহিলা। দত্তপুকুর পেরনোর পর ভাড়া নিয়ে শুরু হয় গোলমাল। মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা রয়েছে। সেই সুবিধা পাওয়ার জন্য পরিচয়পত্র দেখতে চান কনডাকটর। মহিলা একটি জেরক্স করা পরিচয়পত্র দেখান বলে দাবি। কনডাকটরের বক্তব্য, বিনামূল্যে যাতায়াতের জন্য হার্ড কপি পরিচয়পত্র অথবা পিঙ্ক কার্ড দেখানো প্রয়োজন। তা না থাকায় ওই মহিলাকে ভাড়া দিতে বলা হয়। কনডাকটরের অভিযোগ, বারবার বলা হলেও ভাড়া দিতে রাজি হননি মহিলা। বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ভাড়া মিটিয়ে নামতে বলা হয়। এরপরই দু’জনের মধ্যে বচসা গড়ায় হাতাহাতিতে। কনডাকটরকে ওই মহিলা একাধিকবার থাপ্পড় মারেন বলে অভিযোগ। যদিও মহিলা যাত্রীর দাবি, প্রথমে তিনি কনডাকটরকে মারেননি। বরং ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে তাঁকে বাসের মধ্যে আটকে রাখা হয়। দত্তপুকুরে নামার কথা থাকলেও তাঁকে নামতে দেওয়া হয়নি। তিনি আরও বলেন, আমার কাছে হার্ড কপির পরিচয়পত্র বা পিঙ্ক কার্ড ছিল না। তবে বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা পাওয়ার দাবিতেই ভাড়া দিতে আপত্তি করি। প্রতীকী চিত্র