Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে হোটেলে মধুচক্র থেকে উদ্ধার মহিলা, ধৃত ৩

মুর্শিদাবাদ জংশন স্টেশন এলাকার একটি হোটেলে মধুচক্রের আসরে হানা দিয়ে এক মহিলাকে উদ্ধার করল পুলিস। এঘটনায় হোটেল ম্যানেজার ও দুই খদ্দেরকে গ্রেপ্তার করা হয়েছে।

মুর্শিদাবাদে হোটেলে মধুচক্র থেকে উদ্ধার মহিলা, ধৃত ৩
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদ জংশন স্টেশন এলাকার একটি হোটেলে মধুচক্রের আসরে হানা দিয়ে এক মহিলাকে উদ্ধার করল পুলিস। এঘটনায় হোটেল ম্যানেজার ও দুই খদ্দেরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজনই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। বৃহস্পতিবার তাদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। লালবাগ মহকুমা পুলিস আধিকারিক আকুলকর রাকেশ মহাদেব বলেন, আমরা খবর পেয়েছিলাম, ওই হোটেলে এক মহিলাকে আটকে রেখে দেহব্যবসা চালানো হচ্ছে। খবর অনুযায়ী সেখানে অভিযান চালিয়ে মহিলাকে উদ্ধারের পাশাপাশি দু’জন খদ্দের ও হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়। ধৃত হোটেল ম্যানেজার জিজ্ঞাসাবাদে স্বীকার করে, টাকার বিনিময়ে জেলার নানা প্রান্ত থেকে মহিলাদের নিয়ে এসে দেহব্যবসায় বাধ্য করানো হতো। আশা করছি, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের মূল পান্ডার হদিস পাওয়া যাবে। পুলিস ম্যানেজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, মূলত মালিকের কথায় সে হোটেলে মধুচক্রের আসর বসাত। ওই হোটেল থেকে কিছু আপত্তিকর জিনিসপত্রও পুলিস উদ্ধার করেছে। মাসখানেক ধরে শহরের বেশ কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে মধুচক্রের আসর থেকে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। এবার ফের মধুচক্রের আসর থেকে মহিলা উদ্ধার ও তিনজনের গ্রেপ্তারির ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এশহরে হোটেল ব্যবসার আড়ালে মধুচক্রের আসর বসানোর অভিযোগ দীর্ঘদিনের। এর আগে কয়েকটি হোটেলে নাবালিকাদের আটকে রেখে জোর করে দেহব্যবসায় নামানোর অভিযোগ উঠেছিল। মুর্শিদাবাদ থানার পুলিস ওই সমস্ত হোটেলে তালা ঝুলিয়ে দিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ