এখন আর অর্ধেক নয়, গোটা আকাশেই নারীদের অধিকার। ঘরে বাইরে সমান তালে দক্ষ হাতে দায়িত্ব সামলাচ্ছেন নারীরা। কিন্তু, নারী মানেই কি সবই পারি? কী মনে করেন সদ্য মা হওয়া তিন অভিনেত্রী? মাতৃত্ব নারী জীবনে কতটা পরিবর্তনই বা এনেছে? আজ শনিবার আন্তর্জাতিক নারী দিবসে নিজেদের ভাবনা ভাগ করে নিলেন
শ্রীময়ী চট্টরাজ মল্লিক, প্রীতি বিশ্বাস এবং রূপসা চট্টোপাধ্যায়।
মা মানেই অনেক ত্যাগ স্বীকার
• মানুষ হিসেবে মান এবং হুঁশ থাকাটা জরুরি বলে মনে করেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক। তার সঙ্গে বুদ্ধিমত্তারও প্রয়োজন। সর্বোপরি মানুষকে সচেতন হতে হবে। তাহলেই নারীদের জন্য সামাজিক সচেতনতা আসবে। মাতৃত্ব নারী হিসেবে ঠিক কতটা পাল্টে দিল? শ্রীময়ী জবাব, ‘মেয়ে হওয়ার পর আমার জীবনে আমূল পরিবর্তন এসেছে। মা মানেই অনেক দায়িত্ব। অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আমার সন্তানের মুখে হাসি দেখার জন্য দেখে সব কষ্ট ভুলে যেতে পারি।’ নারী মানেই সব পারি; এমনটা মনে করেন না শ্রীময়ী। তাঁর পাল্টা প্রশ্ন, ‘শুধু নারী কেন সব পুরুষরাই কি সবটা পারেন?’ শ্রীময়ীর কথায়, ‘এখন সময় বদলেছে। নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।’
মাতৃত্ব পরিপূর্ণতা দিয়েছে
• গতবছর কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। মেয়েকে সামলাতে ঝড়ের গতিতে এগচ্ছে সময়। প্রীতি বললেন, ‘মেয়েদের জীবনের বিভিন্ন ধাপ থাকে। সেরকমই একটি ধাপ মাতৃত্ব। মাতৃত্বের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এখন আমার মেয়েকে ঘিরেই আমার পুরো জগৎ। মাতৃত্ব আমাকে পরিপূর্ণতা দিয়েছে। মাতৃত্বের আগে এবং পরে ওজন বেড়ে যাওয়া নিয়ে অনেকেই নানাবিধ কথা শুনিয়েছেন। কিন্তু আমি নিজের সিদ্ধান্তে মা হয়েছি।’ জীবনের নানা পরিস্থিতিতে মেয়ে মানেই তাকে সব পারতে হবে, এমন প্রত্যাশা তাঁর কাছেও এসেছে। কিন্তু নারীদেরও খামতি থাকতে পারে। সেটা মেনে নিতে হবে বলে মনে করেন অভিনেত্রী। স্পষ্ট বললেন, ‘মেয়েরা সব পারে, এটা চাপিয়ে দেওয়াটা উচিত নয়। সবাই সব কাজে দক্ষ নন। এটা মনে রাখতে হবে।’
সন্তানের দায়িত্ব বাবা, মা দু’জনেরই
• সদ্য মা হয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বছরের শুরুতে কোলে এসেছে পুত্র সন্তান। ব্যস্ততার মধ্যেই অভিনেত্রী বললেন, ‘মাতৃত্বের জার্নিতে আমি পরিবারকে পাশে পেয়েছি। তাই মনখারাপের সময়ে নিজে শক্ত থাকতে পেরেছি।’ মা মানেই তিনি সব পারবেন বা একাই সন্তানের বেশিরভাগ দায়িত্ব পালন করবেন, এমনটা নয়। রূপসা মনে করেন আধুনিক যুগে মা-বাবা দু’জনকেই বাচ্চার দায়িত্ব নিতে হয়। তাই ছেলের দেখভালের দায়িত্বও স্বামীর সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি। জীবনের কোনও পরিস্থিতিতেই নারীদের উপর কিছু চাপিয়ে দেওয়ার বিরোধী রূপসা।
পূর্বাশা দাস