গান্ধীনগর, ২৯ মে: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ডাইনি অপবাদে মহিলাকে মারধর আর তাঁকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তাঁর স্বামী। গুজরাতের সবরকাঁথা জেলার বিজয়নগর তালুকের গাদিভাকদা গ্রামে ডাইনি অপবাদকে কেন্দ্র করে ভয়াবহ গণপিটুনির ঘটনায় প্রাণ গেল এক যুবকের। অভিযোগ, গ্রামের এক মহিলাকে ডাইনি বলে সন্দেহ করে তাঁর উপর হামলা চালায় একদল উন্মত্ত জনতা। আর তাঁকে বাঁচাতে গিয়েই গণপিটুনিতে মৃত্যু হয় তাঁর স্বামীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাদিভাকদা গ্রামের বাসিন্দা কমলাবেনকে ঘিরে এলাকায় ডাইনি সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ে। সেই গুজবের জেরেই গ্রামের কিছু বাসিন্দা তাঁকে এবং তাঁর পরিবারকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। অভিযোগ, তাঁদের জিনিসপত্র গুছিয়ে চিরতরে গ্রাম ছাড়ার নির্দেশও দেওয়া হয়। এতেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। একসময় উন্মত্ত জনতা কমলাবেনের বাড়ির সামনে জড়ো হয়ে হামলা চালায়। ভয় দেখাতে তাঁদের বাড়িতে পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। এরপর কমলাবেনকে শারীরিকভাবে হেনস্থা ও মারধর শুরু হয়। স্ত্রীকে রক্ষা করতে এমন সময় এগিয়ে আসেন তার স্বামী মনুভাই রামজিভাই দামোর এবং তাঁদের সন্তানরা। অভিযোগ, তখন তাঁদের উপরও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এই হামলায় গুরুতর জখম হন মনুভাই। মাথায় গুরুতর আঘাত লাগার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
খেদব্রহ্মার ডেপুটি পুলিশ সুপার কুলদীপ নাই বৃহস্পতিবার জানিয়েছেন, এই ঘটনায় মারধর এবং খুনের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের মধ্যে চার জন মহিলা রয়েছেন। কী কারণে এই গুজব ছড়িয়ে পড়ে এবং ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।