নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘ওয়ার্ক ফ্রম হোম’। সেই ফাঁদে পা দিয়ে প্রায় ৮ লক্ষ টাকা খোয়ালেন লেকটাউনের এক মহিলা। বিজ্ঞাপন দেখে ভিডিওতে লাইক দেওয়ার কাজ পেয়েছিলেন তিনি। পরে প্রতারকদের কথায়, বিনিয়োগও করেন মহিলা। তার জেরেই ওই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। বিনিয়োগ করা অর্থ তুলতে না পেরে তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। তারপর ওই মহিলা বৃহস্পতিবার লেকটাউন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওয়ার্ক ফ্রম হোমের টোপ দিয়ে প্রতারণা বাড়ছে। যাচাই না করেই প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন অসচেতন নাগরিকরা। লেকটাউনের ওই মহিলা প্রতারকদের ছক ধরতে পারেননি। তাঁকে বলা হয়েছিল, কিছু ভিডিও’র লিঙ্ক পাঠানো হবে। সেগুলি লাইক করে স্ক্রিনশট পাঠাতে হবে। তাতেই মিলবে কমিশন। মহানন্দে তিনি সেই কাজ শুরু করেছিলেন। তারপরই তাঁকে বিনিয়োগের টোপ দেয় প্রতারকরা। অল্পদিনে বেশি মুনাফার লোভে তাতে টাকা ঢালেন তিনি। প্রথমে কিছু রিটার্ন পান। তারপর ধাপে ধাপে মোট ৭ লক্ষ ৯২ হাজার টাকা বিনিয়োগ করেন। কিছুদিন পর মহিলা টাকা তুলতে গিয়ে দেখেন, অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে। বলা হয়, তিন লক্ষ টাকা দিলে লক খুলবে। এরপর বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ করে থানায় যান তিনি।



