Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তিন ঘণ্টায় তিন সন্তান প্রসব বধূর, কান্দি হাসপাতালে উৎসবের আমেজ

তিন ঘণ্টায় তিন সন্তান প্রসব বধূর, কান্দি হাসপাতালে উৎসবের আমেজ
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: রবিবার এক ঘণ্টা অন্তর পরপর তিনটি সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। এই ঘটনায় খুশি সদ্যোজাতদের পরিবার থেকে কান্দি হাসপাতালের চিকিৎসকরাও। ফুটফুটে দুই কন্যাসন্তান ও পুত্রসন্তান সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সেই খবর ছড়িয়ে পড়তেই সদ্যোজাতদের দেখার জন্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিলেন মৌসুমি খাতুন। তাঁর শ্বশুরবাড়ি ভরতপুর থানার বিনোদিয়া গ্রামে। বধূর বাপেরবাড়ি ওই থানার গাঙেড্ডা গ্রামে। ভর্তির কিছুক্ষণ পরেই প্রসৃতিকে কান্দি মহকুমা হাসপাতাল রেফার করা হয়। রবিবার ভোর ৫টা নাগাদ বধূ প্রথম একটি কন্যা সন্তানের জন্ম দেন। যা ঘিরে পরিবারে খুশি নেমে আসে। এর ঘণ্টাখানেক পর বধূ আরও এক কন্যা সন্তান প্রসব করেন। তারও ঘণ্টাখানেক পর পুত্র সন্তানের জন্ম দেন। এই খবরে হাসপাতালে শোরগোল পড়ে যায়। হাসপাতালের চিকিৎসক থেকে নার্স, স্বাস্থ্য কর্মীরা ওই তিন সদ্যোজাতকে দেখার জন্য উৎসুক হয়ে পড়েন। নার্সরা পালা করে সদ্যোজাতদের দেখেন। ওই তিন সদ্যোজাতকেই হাসপাতালের এসএনসিইউ ওয়ার্ডে রাখা হয়েছে। সদ্যোজাতদের পরিবারের লোকজনও খুশিতে হাসপাতালের অনেকেই মিষ্টিমুখ করান। তিন সদ্যোজাতের বাবা তপন শেখ পেশায় রাজমিস্ত্রি। তিনি বলেন, একসঙ্গে তিনটি সন্তানের বাবা হব ভাবতেও অবাক লাগছে। আমাদের গোটা পরিবার খুব খুশি। বধূর মা রেজিনা বিবি বলেন, একসঙ্গে তিনজন অতিথি বাড়িতে আসায় যেন উৎসব শুরু হয়ে গিয়েছে। বধূর শাশুড়ি ছবি বিবি বলেন, আল্লার চরম কৃপা যে আমার বাড়িতে একসঙ্গে তিনজন অতিথি এসেছে। এখন সবাইকে একসঙ্গে বাড়ি নিয়ে ফেরার অপেক্ষায় রয়েছি।

Advertisement

ঘটনায় কান্দি মহকুমা হাসপাতালের সুপার রাজেশনাথ সাহা বলেন, সাধারণত একসঙ্গে তিনটি সন্তানের জন্ম সচরাচর দেখা যায় না। তবে ভালো বিষয় হল তিন সন্তান সহ তাদের মা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। প্রতিটি সন্তানের ওজনও ঠিকঠাক রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ