ভিন্ন পোশাকে কংগ্রেস, বিজেপি ও নির্দল  হিসাবে মনোনয়ন মহিলার, পেলেন জয়ও
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: লাল শাড়ি। সবুজ শালোয়ার। হলুদ শাড়ি। তিনবার পোশাক বদলে ভিন্ন সাজে হাজির হলেন মহিলা। তিনি কংগ্রেস প্রার্থী। তিনিই আবার বিজেপি ও নির্দল প্রার্থী। দিব্যি মনোনয়ন পেশ করলেন। পরে সেই মনোনয়নপত্রই গৃহীত হয়। এখানেই শেষ নয়। নির্দল প্রার্থী হিসাবে জয়লাভও করেন। কিন্তু ঘুণাক্ষরেও টের পাননি নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা। স্ক্রুটিনিতে কিছুই ধরা পড়েনি। মহিলার নাম ভাটি কুমারী। রাজস্থানের গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে এমন ঘটনায় ভিরমি খাওয়ার জোগাড় প্রশাসনের। পুরো নির্বাচনি ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলেছে আম জনতা। একাংশের বক্তব্য— মনোনয়ন জমা, ভোটে লড়াই এবং জয়লাভের এই দীর্ঘযাত্রায় কেন কারও কোনো সন্দেহ হয়নি। কী করছিলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা? 

Advertisement

রাজস্থানের দিগ জেলার ঘটনা। জানা গিয়েছে, প্রথমে লাল শাড়ি পরে প্রাক্তন কংগ্রেস বিধায়ক ওয়াজিব আলির উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন ভাটি। ওইসময় মুখ ঢাকা ছিল। মাথায় ঘোমটা দিয়ে নথিপত্রে সই করেন তিনি। পরে বিজেপির হয়ে মনোনয়ন দাখিল করতে আসেন। এবার পরনে সবুজ রঙের সালোয়ার। ওড়না দিয়ে ঢাকা ছিল মুখ। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক জওহর সিং বেধাম। তৃতীয় বার হলুদ রঙের শাড়ি পরে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। তখন মুখে কোনো কাপড় ছিল না। আর এতেই কোথাও ভুল হয়ে যায়।
সূত্রে খবর, এই কাণ্ডের নেপথ্যে রয়েছেন ভাটির শ্বশুর অর্জুন প্রধান। তিনি ব্রজনগর পঞ্চায়েত সমিতিতে ছিলেন। একটি দলের টিকিটে জয় পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন না ভাটি। সেই কারণেই আরও দু’টি মনোনয়ন জমা দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী একটি ওয়ার্ড বা নির্বাচনী কেন্দ্র থেকে ভোটে লড়ার জন্য সর্বোচ্চ চারটি মনোনয়নপত্র জমা দিতে পারেন। তবে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের হয়ে বা নির্দল হিসাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে এত বড়ো দুর্নীতি হল, তা নিয়েই চর্চা তুঙ্গে।