Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুকুরে তলিয়ে গেলেন বউমা, উদ্ধার করতে গিয়ে মৃত শাশুড়িও

পুকুরে জলে ডুবে মৃত্যু বউমা ও শাশুড়ির। ঘটনাটি ঘটেছে শুক্রবার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি পঞ্চায়েতের দেউলিয়া গ্রামে।

পুকুরে তলিয়ে গেলেন বউমা, উদ্ধার করতে গিয়ে মৃত শাশুড়িও
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: পুকুরে জলে ডুবে মৃত্যু বউমা ও শাশুড়ির। ঘটনাটি ঘটেছে শুক্রবার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি পঞ্চায়েতের দেউলিয়া গ্রামে। জানা গিয়েছে, মাঠে কাজ করার পর পুকুরে পা ধুতে গিয়ে বউমা রাখি মণ্ডল (২১) প্রথমে পা পিছলে পুকুরে পড়ে যান। জলে কিছু পড়ার আওয়াজ শুনতে পেয়ে পুকুরের দিকে ছুটে যান শাশুড়ি ষষ্ঠী মণ্ডল (৬০)। কিন্তু শাশুড়ি বা বউমার কেউই সাঁতার জানতেন না। ফলে বউমাকে জল থেকে উদ্ধার করতে গিয়ে তলিয়ে যান দু’জনেই।

Advertisement

ওই গ্রামের বাসিন্দা রিঙ্কু মণ্ডল বলেন, আমরা দু’জনকে না পেয়ে প্রথমে এলাকার বিভিন্ন জায়গায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও ওঁদের পাওয়া যায়নি। এরপর শনিবার পুকুরের ঘাটের কাঠের সিঁড়িতে মাটি লেগে থাকার ধরন দেখে আমাদের সন্দেহ হয়। তখন পুকুরে জাল ফেলতেই তাতে উঠে আসে শাশুড়ি ও বউমার মৃতদেহ। ঘটনা প্রসঙ্গে সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামলা বলেন, পরিবারটিতে বিরাট ধাক্কা লাগল। এতবড় ঘটনা এই এলাকায় আগে কখনও ঘটেনি। যাই হোক, আমরা পঞ্চায়েতের তরফে ওই পরিবারটির পাশে আছি। 
এলাকাবাসীরা জানিয়েছেন, মাত্র এক বছর আগে রাখি মণ্ডলের সঙ্গে বিশাল মণ্ডলের বিয়ে হয়। এদিন সকালে পুকুর থেকে শাশুড়ি ও বউমার মৃতদেহ উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পুকুরপাড়ে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিসকে। হিঙ্গলগঞ্জ থানার পুলিস মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা পুলিস 
মর্গে পাঠিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ