সংবাদদাতা, চাঁচল: উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের এক মহিলার লক্ষাধিক টাকা তছরূপ করে আত্মগোপন করেছিল সেখানকার অভিযুক্ত এক যুবক। তল্লাশি চালিয়ে মালদহের চাঁচল সদরের দক্ষিণপাড়া থেকে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। বারাসাত পুলিশ ও চাঁচল থানার যৌথ অভিযানে যুবককে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত অসীম সরকার প্রেমের ফাঁদে ফেলে এক মহিলার সঙ্গে আর্থিক প্রতারণা করে। তার বাড়িও উত্তর ২৪ পরগনা জেলায়। টানা দুই মাস ধরে চাঁচলে আত্মগোপন করে ছিল একটি ভাড়াবাড়িতে। চাঁচল থানার এক পুলিশ আধিকারিক বলেন, আর্থিক প্রতারণার অভিযোগে যুবককে গ্রেফতার করা হয়।



