Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পরীক্ষায় পাশ না করে হলেন ভুয়ো টিটিই, গ্রেপ্তার মাঝেরহাট স্টেশনে

মাঝেরহাট স্টেশনে ধরা পড়ল ভুয়ো টিটিই। বালিগঞ্জ জিআরপি তাঁকে গ্রেপ্তার করে। অভিযুক্তের নাম শুভজিৎ বন্দ্যোপাধ্যায়।

পরীক্ষায় পাশ না করে হলেন ভুয়ো টিটিই, গ্রেপ্তার মাঝেরহাট স্টেশনে
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঝেরহাট স্টেশনে ধরা পড়ল ভুয়ো টিটিই। বালিগঞ্জ জিআরপি তাঁকে গ্রেপ্তার করে। অভিযুক্তের নাম শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বরিষার বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে রেলের নকল পরিচয়পত্র, ব্যাজ, মোবাইল ও একাধিক সামগ্রী। দীর্ঘদিন ধরে তিনি শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন ডিভিশন স্টেশনে টিটিই সেজে যাত্রীদের থেকে টাকা তুলতেন বলে অভিযোগ।

Advertisement

শুভজিৎকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তিনি রেলের টিটিই পদে চাকরি পেতে বেশ কয়েকবার পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু অনুত্তীর্ণ হন। চাকরি না পেয়ে ভুয়ো টিটিই সেজে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে সকালে এসে দাঁড়াতে শুরু করেন। যাত্রীদের থেকে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়াও শুরু করেন। তবে বেশিদিন প্রতারণার এই কারবার চালাতে পারলেন না। হাতেনাতে ধরা পড়লেন পুলিশের হাতে।
বৃহস্পতিবারও মাঝেরহাট স্টেশনে টিটিই’র পোশাক পরে দাঁড়িয়েছিল শুভজিৎ। দুপুরে বৈধ টিকিট থাকা সত্ত্বেও এক যাত্রীকে আটক করেন। বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। বিষয়টি অন্যান্য যাত্রীদের নজরে আসে। তারপর টিটিই’র আচরণ সন্দেহজনক ঠেকায় তাঁরা খবর দেন স্টেশন সুপারিনটেনডেন্ট ও বুকিং সুপারভাইজারকে। তাঁরা এসে শুভজিতের রেলের ইস্যু করা আই ডি ও বৈধ ব্যাজ দেখতে চান। কিন্তু সেসব দেখাতে পারেননি শুভজিৎ। তারপর তাঁর পরিচয় নিশ্চিত করতে রেলের উচ্চপদস্থ কর্তাদের ভিডিও কল করেন আধিকারিকরা। ভিডিও কলে ওই যুবককে দেখার পর রেল কর্তারা জানান তিনি রেলের কর্মী নন, টিটিই নন। এরপর শুভজিৎকে আরপিএফের হাতে তুলে দেওয়া হয়। রাতে নিয়ে আসা হয় বালিগঞ্জ জিআরপিতে। আরপিএফের অভিযোগের ভিত্তিতে বালিগঞ্জ জিআরপি জালিয়াতি, প্রতারণা ও একাধিক ধারায় মামলা রুজু করে। তারপর তাঁকে গ্রেপ্তার করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ