বিরোধীদের উপরে অত্যাচার করছে বিজেপি সরকার, অভিযোগ নির্মলের
  • ২২ আগস্ট, ২০২৬ ১৪:৫৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর : তোলাবাজি থেকে অভয়ার দেহ বিতর্ক। তৃণমূল আমলে তাঁর বিরুদ্ধে অভিযোগ বিস্তর। সরকার বদল হয়েছে। গ্রেপ্তার হয়ে এবার ‘ভিকটিম’ কার্ড প্লে করলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। প্রাক্তন এই বিধায়কের অভিযোগ রাজ্যে বিরোধীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। এদিকে ফের ৭ দিনের পুলিশি হেফাজতে নির্মল ঘোষ। শনিবার এই নির্দেশ দিয়েছে বারাকপুর আদালত।

Advertisement

অভয়া কাণ্ডে গ্রেপ্তার করা হয় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। পাশাপাশি লটারি কাণ্ড, তোলাবাজির মতো একাধিক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশ হেফাজত শেষে আজ শনিবার মেডিকেল চেকাপের পরে বারাকপুর আদালতে তোলা হয় তাঁকে। সেই সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন বিধায়ক একদা পানিহাটির এই দাপুটে নেতা অভিযোগ করেন, ‘সরকার বদলেছে’ তাই বিরোধীদের উপর অন্যায় আচরণ করা হচ্ছে। চলছে অত্যাচার। 

গত ১৩ আগস্ট অভয়া কাণ্ডের জেরে ওড়িশার বালাসোর থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে এফআইআর করেন অভয়ার বাবা শেখর রঞ্জন দেবনাথ। এরপর ১৪ আগস্ট বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম থেরাপির শিকার হন তিনি। আদালত তাঁকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আর সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আজ তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষোভ উগড়ে দেন এই প্রাক্তন বিধায়ক।