আইনজীবী, ম্যাজিস্ট্রেট ও পুলিশকর্মীর উপর হামলা, ধুন্ধুমার আদালত চত্বর, ওড়িশায় ধৃত মহিলা
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: আদালত চত্বরে বিচারক, সরকারি আইনজীবী ও পুলিশকর্মীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ওড়িশার নবরংপুরের ঝাড়িগাঁও ব্লকে শনিবারের এই ঘটনায় অভিযুক্তের নাম সানমতী মাঝি। জানা গিয়েছে, হলুদ প্লাস্টিকের ব্যাগের মধ্যে একটি লোহার রড নিয়ে গিয়েছিলেন ওই মহিলা। তা নিয়েই তিনজনের উপর চড়াও হয়েছিলেন তিনি। গুরুতর চোট পেয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফার্স্ট ক্লাস) স্মিতা লাকরা, সহকারী সরকারি আইনজীবী প্রদীপ কুমার পট্টনায়েক ও  সহকারী সাব-ইনস্পেকটর মীনাকেতন গন্তয়ত। পট্টনায়েকের অভিযোগের ভিত্তিতে সানমতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, একটি মামলায় ইনফর্মারের কাজ করছিলেন ওই মহিলা। নবরংপুরের এসপি কাশ্যপ পার্থ জগদীশ বলেন, ‘ধৃতের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তদন্ত চলছে।’

Advertisement

ঠিক কী হয়েছিল? পুলিশ জানিয়েছে, একজন সাক্ষীকে জেরা করার পর মোবাইলে কথা বলছিলেন পট্টনায়েক। তখনই তাঁর কাছে যান সানমতী। কিছু বুঝে ওঠার আগেই রড দিয়ে আইনজীবীর মাথায় আঘাত করেন তিনি।  হামলায় পট্টনায়েকের মাথা ফেটে যায়। অবস্থা বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। এদিকে চিৎকার শোনামাত্র ঘটনাস্থলে পৌঁছান আদালতের কর্মী ও বিচারকরা। কিন্তু বিচারক লাকরাকে দেখামাত্র তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে সানমতী। ঘটনায় মাথায় চোট পান বিচারক। হাতের একটি আঙুলও ভেঙে যায়। এরপর গন্তয়তের মাথায় আঘাত করেন অভিযুক্ত। এরইমধ্যে নিরাপত্তা কর্মীরা সানমতীকে ধরে ফেলেন।