সংবাদদাতা, বারুইপুর: টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন এক মহিলা যাত্রী। পরে জিআরপির হাতে তুলে দেওয়া হয় সাঈদা বিবি নামে ওই অভিযুক্তকে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বারুইপুর স্টেশনে। যদিও এই ঘটনার পর বেশ আতঙ্কে ও ভয়ে রয়েছেন ওই টিকিট চেকার।
অন্যান্য দিনের মতো শনিবারও দু’নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। সেখানে লেডিস কম্পার্টমেন্টে টিকিট পরীক্ষা করতে যান পূজা কুমারী। তখন অভিযুক্ত মহিলা যাত্রী ও তাঁর আরও এক সঙ্গী কম্পার্টমেন্টে বসে কাগজের পাত্রে গরম ঘুগনি খাচ্ছিলেন। টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চান। অভিযোগ, তখন আচমকা পূজাদেবীর মুখে সেই ঘুগনি ছুড়ে দেন সাঈদা। ওই অবস্থাতেই কোনওভাবে চোখ-মুখ মুছে অভিযুক্ত মহিলাকে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামিয়ে আনেন পূজা। আর তখনই আরপিএফের এক অফিসার ট্রেনটির সামনে চলে আসেন। এরপর তিনি ওই মহিলাকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেন।
সাঈদার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পূজাদেবী। তবে গ্রেপ্তারির পর অভিযুক্ত মহিলা দোষ কবুল করে বলেন, ভুল হয়ে গিয়েছে। আর কোনওদিনও হবে না। জানা গিয়েছে, সাঈদার কাছে শিয়ালদহ থেকে সুভাষগ্রাম পর্যন্ত টিকিট থাকলেও বারুইপুর পর্যন্ত ছিল না। -নিজস্ব চিত্র