Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নথি ‘ধার’ নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ৫ লক্ষ টাকা ঋণ, ধৃত মহিলা

কমিশনের ভিত্তিতে ভাড়ার অ্যাকাউন্ট খুলে পাঁচ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠল। ব্যাংক কর্তৃপক্ষের তরফে লালবাজারে লিখিত অভিযোগের ভিত্তিতে নথি ‘ধার’ দেওয়া এক মহিলাকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা।

নথি ‘ধার’ নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ৫ লক্ষ টাকা ঋণ, ধৃত মহিলা
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কমিশনের ভিত্তিতে ভাড়ার অ্যাকাউন্ট খুলে পাঁচ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠল। ব্যাংক কর্তৃপক্ষের তরফে লালবাজারে লিখিত অভিযোগের ভিত্তিতে নথি ‘ধার’ দেওয়া এক মহিলাকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। ধৃতের নাম রীতা বৈদ্য সেনগুপ্ত। ধৃতের দাবি, তাপস নামে এক যুবক শেয়ার বাজারের টাকা রাখবে বলে তাঁর কাছে নথি চান। বিনিময়ে কমিশন দেওয়ার কথা বলে। কে সেই যুবক? আর কেউ এই চক্রে জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

Advertisement

লালবাজার সূত্রে খবর, ধৃত রীতা জানিয়েছেন, সম্প্রতি তাপসের সঙ্গে তাঁর আলাপ হয়। নিজেকে শেয়ার ট্রেডার বলে পরিচয় দেয় ওই যুবক। একইসঙ্গে স্থানীয়ভাবে কয়েকটি চিটফান্ড চালায় বলে জানান। সেজন্যই অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন। আধার, প্যান কার্ড সহ ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কিছু নথি দিলে এক লক্ষ টাকা কমিশন দেওয়ার টোপ দেয় তাপস। লোভে পড়ে নিজের নথি তাঁকে দিয়ে দেন রীতা। এরপরেই শুরু হয় জালিয়াতি। অভিযোগ, নথির সাহায্যে মহিলাকে বিএসএনএল কর্মী হিসেবে তুলে ধরে ভুয়ো কাগজপত্র তৈরি করে যুবক। সরকারি কর্মী হিসেবে পরিচয় দিলে ব্যাংক থেকে ঋণ পাওয়া অনেক সহজ। তাই সরকারি কর্মী পরিচয়ের যাবতীয় ভুয়ো কাগজের সাহায্যে ব্যাংকে রীতার নামে অ্যাকাউন্ট খোলে সে। এরপরেই পাঁচ লক্ষ টাকা লোন নেওয়া হয়। সেখান থেকে এক লক্ষ টাকা রীতাকে দিয়ে বাকি চার লক্ষ টাকা নিয়ে বেপাত্তা হয়ে যায় তাপস। 
ঋণের কিস্তি জমা না পড়ায় ব্যাংক কর্তৃপক্ষ রীতাকে নোটিস পাঠায়। ধরা পড়ার পর মহিলার দাবি, ঋণের বিষয়ে কিছুই জানতেন না তিনি। তাই নোটিস পাওয়ায় হতবাক হয়ে যান। ব্যাংকে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তাঁকে জানায়, কিস্তি জমা না পড়ায় লালবাজারে অভিযোগ করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, স্পেশাল সেলের তরফে মহিলাকে গ্রেপ্তার করা হয়। তাঁর নথি দিয়ে ভুয়ো পরিচয়ে লোন নেওয়া হয়েছে। সব জেনেশুনে ভাড়ার অ্যাকাউন্ট খোলার অভিযোগে রীতাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাপসের সঙ্গে তাঁর কীভাবে যোগাযোগ, তা তদন্তকারীদের স্ক্যানারে। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, এই প্রতারণার ঘটনার সঙ্গে বড়সড় চক্রের যোগ রয়েছে। সেই চক্রের পান্ডার খোঁজ করছে লালবাজারের স্পেশাল সেল।

Advertisement
সম্পর্কিত সংবাদ