Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মেয়ের ভাগ্য ফেরানোর আশ্বাস, বৃদ্ধার চেক হাতিয়ে সাড়ে ৭ লক্ষের প্রতারণা! ‘ভণ্ড’ জ্যোতিষীর খপ্পরে পড়ে পর্ণশ্রী থানায় অভিযোগ

পর্ণশ্রীতে বৃদ্ধার কাছে ৭ লক্ষ টাকা হাতিয়ে নিলেন জ্যোতিষী। অভিযোগে খুনের হুমকি ও সোনার অলংকার চুরির কথা। বিস্তারিত পড়ুন।

মেয়ের ভাগ্য ফেরানোর আশ্বাস, বৃদ্ধার চেক হাতিয়ে সাড়ে ৭ লক্ষের প্রতারণা! ‘ভণ্ড’ জ্যোতিষীর খপ্পরে পড়ে পর্ণশ্রী থানায় অভিযোগ
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেয়ের ভাগ্য নির্ধারণ করতে জ্যোতিষীর কাছে গিয়েছিলেন। আর তার জেরেই ‘দুর্ভাগ্য’কে ডেকে আনলেন পর্ণশ্রীর এক বৃদ্ধা। খোয়ালেন সাড়ে সাত লক্ষ টাকা। ভুয়ো আশ্বাস দিয়ে জ্যোতিষী কার্তিক দাস বৃদ্ধার সই করা চেকবই হাতিয়ে নেয়। তারপর কয়েক দফায় মোট সাড়ে সাত লক্ষ টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ। প্রতারিত হন বৃদ্ধা। তিনি ব্যাংকের পাশবই যাচাই করতে গিয়ে গোটা বিষয়টি বুঝতে পারেন। অভিযোগ, টাকা ফেরত চাইলে বৃদ্ধা ও তাঁর মেয়েকে খুনের হুমকি দেয় জ্যোতিষী। এখানেই শেষ নয়, ভয় দেখিয়ে বৃদ্ধার বেশ কিছু সোনার গয়নাও হাতিয়ে নিয়েছে সে। তার বিরুদ্ধে পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা। তার ভিত্তিতে প্রতারণা ও তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

Advertisement

পর্ণশ্রী এলাকায় চেম্বার খুলে জ্যোতিষচর্চা করত কার্তিক দাস। যদিও এলাকায় সে বিজয় দাস নামেই পরিচিত। সেই নামেই চেম্বার চালাত অভিযুক্ত। বৃদ্ধার দাবি, গত এপ্রিল মাসে ওই জ্যোতিষীর কাছে মেয়ের ভাগ্য নির্ধারণের জন্য গিয়েছিলেন তিনি। ভাগ্য গণনার পর সে নানাবিধ পাথর ধারণের কথা বলে। অভিযোগকারিণীর স্বামী প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। কথা বলে অভিযুক্ত বুঝতে পারে, বৃদ্ধার টাকাপয়সা রয়েছে। তখনই প্রতারণার ফন্দি আঁটে সে। 
অভিযোগ, জ্যোতিষী বলেছিল, আগামী দু’মাস প্রতি সপ্তাহে তার চেম্বারে আসতে হবে। গ্রহ-নক্ষত্রের পুঙ্খানুপুঙ্খ অবস্থান বিচার করেই সমস্যার সুরাহা করবে সে। প্রতিবারই সে ফি নিয়েছে চেকে। এভাবে নিয়মিত আসা-যাওয়ার ফলে কার্তিকের সঙ্গে পরিচিতি বাড়ে বৃদ্ধার। একদিন বৃদ্ধাকে জ্যোতিষী বলে, ‘চেকে টাকার অঙ্ক ভুল লিখেছিলেন আপনি। তাই আপনাকে লিখতে হবে না। চেকে সই করে নিয়ে আসবেন, আমি নাম ও টাকার অঙ্ক লিখে নেব।’ সরল বিশ্বাসে তাই করেন বৃদ্ধা। একমাস পরে ব্যাংকে গিয়ে পাশবই যাচাই করতে গিয়ে চক্ষু চড়কগাছ অভিযোগকারিণীর। তিনি দেখেন, ব্যাংক থেকে গায়েব সমস্ত টাকা। তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে ‘ভণ্ড’ জ্যোতিষীর পর্ণশ্রী ও সরশুনার ব্যাংকে পেমেন্ট হয়েছে দফায় দফায়। অভিযোগ, টাকা ফেরত চাইলে বৃদ্ধার মেয়ের ক্ষতি করে দেওয়ার ভয় দেখিয়ে দু’টি সোনার হার, একটি চুড়ি, কানের দুল, নোয়া সহ একাধিক সোনার অলংকার হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্ত।

Advertisement
সম্পর্কিত সংবাদ