


সংবাদদাতা, বালুরঘাট: নাবালিকাকে জোর করে দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগ দুই মহিলার বিরুদ্ধে। প্রতিবেশী ভাড়াটিয়া দুই মহিলার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে নেশাজাতীয় ওষুধ খাইয়ে অচৈতন্য করে তাকে যৌন নির্যাতন করানোর চেষ্টা করে। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বালুরঘাট শহরের একটি পাড়ায়। এনিয়ে নাবালিকার মা দুই মহিলার তথা দু’বোনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত এক বোন পালিয়ে গেলেও অন্য বোনকে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিশ।
বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ওই নাবালিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই বোন মাঝ বয়সি মহিলা। তাদের বাড়ি হিলি ব্লকে হলেও তারা সম্প্রতি বালুরঘাটের ওই পাড়াতে এসে ভাড়াটিয়া হিসেবে রয়েছে। সেই বাড়ির পাশেই ১৬ বছর বয়সি এক নাবালিকা রয়েছে। তার বাবা মা বাইরে কাজে গেলে বেশিরভাগ সময় ওই দুই বোনের ভাড়া বাড়িতেই কাটাত। নাবালিকার মায়ের অভিযোগ, ওই দুই বোন দেহব্যবসা চালায়। তারা মেয়েকে ঘুরতে যাওয়ার নাম করে বালুরঘাট শহরের বাইরে নিয়ে গিয়েছিল। সেখানে এক বাড়িতে অচৈতন্য করে তার সঙ্গে অশালীন কাজ করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠেন নাবালিকার মা এবং প্রতিবেশীরা। এনিয়ে প্রতিবেশীরা ওই দুই বোনের বাড়িতে চড়াও হয়। এর জেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এক বোন।
প্রতিবেশীদের অভিযোগ, ওই দুই মহিলার স্বামী নেই। তারা ভাড়া থাকে। তারা দিনভর বিভিন্ন কাজে বাইরেই থাকত। তাদের গতিবিধি নিয়ে আগেই সন্দেহ ছিল। তবে ওই ঘটনার পর বিষয়টি আরো পরিষ্কার হয়। নাবালিকার মা বলেন, ওই দুই মহিলা মধুচক্র চালায়। আমার মেয়েকেও নিয়ে গিয়ে এই চক্রে যুক্ত করতে চেয়েছিল। তাকে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে অচৈতন্য করে অশালীন কাজ করার চেষ্টা করে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা অভিযুক্তদের শাস্তি চাই।