Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহেশতলায় মহিলাকে খুনের অভিযোগ, অবশেষে গ্রেপ্তার স্বামী

মহেশতলার দক্ষিণ জবতলার বাসিন্দা শিল্পী বিবিকে খুনের অভিযোগে স্বামী শেখ নাসির আলিকে গ্রেপ্তার করল পুলিস।

মহেশতলায় মহিলাকে খুনের অভিযোগ, অবশেষে গ্রেপ্তার স্বামী
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: মহেশতলার দক্ষিণ জবতলার বাসিন্দা শিল্পী বিবিকে খুনের অভিযোগে স্বামী শেখ নাসির আলিকে গ্রেপ্তার করল পুলিস। প্রাথমিক তদন্তের পর ওই খুনের সঙ্গে স্বামীর যুক্ত থাকার বিষয়টি সামনে এসেছে। তবে খুনের সময় স্বামী ঘটনাস্থলে ছিল, না কি অন্য কাউকে দিয়ে খুন করা হয়েছে, তা স্পষ্ট নয়। কারণ অভিযুক্ত এখনও সব খোলসা করছে না। তবে খুনের পিছনে যে স্বামীর হাত রয়েছে, সেই তথ্য প্রমাণ পুলিস জোগাড় করেছে।

Advertisement

গত শনিবার শেষ রাতে বাড়ির কাছে মহিলার দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, মহিলার গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কিন্তু কেন খুন হতে হল শিল্পীকে? এই প্রশ্নের উত্তর এখনও পায়নি পুলিস। ডায়মন্ডহারবার পুলিস জেলার এক আধিকারিক বলেন, সিসিটিভির ফুটেজ দেখা হয়। শিল্পী বিবির মোবাইল ঘেঁটে শনিবার রাতে স্বামীর সঙ্গে কখন কথা বলেছেন, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। সেই সব যাচাইয়ের পর টানা তিনদিন ধরে স্বামী নাসির আলি ছাড়াও কয়েকজনকে জেরা করা হয়। নাসির শুরু থেকে মিথ্যা বলে যাচ্ছিল। কিন্তু ঘটনার রাতে শিল্পী ঘর থেকে বের হওয়ার পর বেশ কিছু সময় ‘উধাও’ ছিল নাসির। নাসির এই সময় কোথায় ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুলিস নিশ্চিত হয় নাসির আসল অপরাধী। জেলা পুলিসের ওই আধিকারিক বলেন, শিল্পী বিবি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। সেখানকার রোজগারের টাকায় সংসার চলত। স্বামী বেকার। নেশাগ্রস্ত হয়ে থাকত অধিক সময়। স্ত্রীর সঙ্গে মতান্তর ছিল। যখন তখন উগ্র হয়ে মারমুখী হতো। স্ত্রীকে খুনের পিছনে এর কোনটা কাজ করেছে, তা খতিয়ে দেখছে পুলিস। বৃহস্পতিবার অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলে পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement
সম্পর্কিত সংবাদ