সংবাদদাতা, উলুবেড়িয়া: পাওনা টাকা নিয়ে বিবাদ মিটিয়ে দেওয়ার নাম করে এক মহিলার শ্লীলতাহানি। এমনকী ডেকে নিয়ে গিয়ে তাঁর স্বামী ও ছেলেকে মারধরও করা হয়েছে। এমন অভিযোগ উঠল বাগনানের এক বিজেপি নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপির নেতার নাম প্রেমাংশু রানা। ইতিমধ্যে মহিলা ওই বিজেপি নেতা সহ পাঁচজনের বিরুদ্ধে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযোগকারী মহিলার ছেলে তাঁদের পূর্ব পরিচিত বাগনান এলাকার এক ব্যক্তিকে বছর দুই আগে সাড়ে চার লক্ষ টাকা ধার দিয়েছিলেন। এতদিনে ওই ব্যক্তি মাত্র ৩০ হাজার টাকা ফেরত দেন। বাকি টাকা ফেরত দিচ্ছিলেন না তিনি। এই টাকা ফেরত নিয়ে তাঁদের মধ্যে একটা সমস্যা চলছিল। মহিলার বক্তব্য, সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে প্রেমাংশু রানা তাঁকে স্বামী ও ছেলেসহ তাঁর অফিসে ডেকে পাঠান। অফিসে প্রেমাংশু রানা সহ তার সহযোগীরা ছিলেন। তাঁর অভিযোগ, সমস্যা মেটানো দূরে থাক, সেখানে থাকা সকলে আমাদের মারধর করেন। এমনকী প্রেমাংশু আমার শ্লীলতাহানিও করেন। এরপর আমার ছেলেকে দিয়ে স্টাম্প পেপারে জোর করে সই করিয়ে নেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, পরে আমার ছেলের কাছ থেকে জানতে পারি, প্রেমাংশু রানার ঘনিষ্ট দুই ব্যক্তি ছেলেকে জোর করে মোটরবাইকে চাপিয়ে তাঁর ফ্ল্যাটে নিয়ে গিয়ে টাকা দেওয়ার চুক্তিপত্র সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র সহ ফ্ল্যাটের চাবি কেড়ে নিয়ে চলে যান। মহিলা ঘটনার যথাযথ তদন্তের দাবি জানান। যদিও প্রেমাংশু রানা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে তাঁকে কালিমালিপ্ত করা হচ্ছে। এই বিষয়ে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত বলেন, বিষয়টি তাঁর জানা নেই। শুনলাম। তবে অন্যায় করলে কাউকে ছাড়া হবে না। পুলিশ তদন্ত করবে। বিষয়টি আমারা দলের উধ্বর্তন কর্তৃপক্ষকে জানাব।
হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, একটা অভিযোগ জমা পড়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



