নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রযুক্তিগত সহায়তা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের ব্যাপারে কেন্দ্রের আর কিছুই করার নেই। পুরোটাই রাজ্য সরকারের আওতাধীন। বর্ষার শুরুতেই ফের ভেসে গেলেও মাসখানেক আগেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কার্যত হাত ধুয়ে ফেলেছে মোদি সরকার। এই ব্যাপারে আন্দোলনরত সংগঠনকে জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে অবশ্য ফের এই ব্যাপারে কেন্দ্রের বিজেপি সরকারকে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। ওই কমিটির যুগ্ম-সম্পাদক নারায়ণচন্দ্র নায়েকের দাবি, এই ব্যাপারে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিতে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন তাঁরা। একইসঙ্গে তদ্বির করা হয়েছিল জলশক্তি মন্ত্রকের কাছেও। ২০২৫-২৬ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশের পরই এই ব্যাপারে অর্থ সহযোগিতা চেয়ে কেন্দ্রের দ্বারস্থ হয়েছিল ওই সংগঠন।



