নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যেসব গ্যাস গ্রাহকের এখনো ই-কেওয়াইসি করা হয়নি এবার এসএমএসের মাধ্যমে তাঁদের সচেতন করতে শুরু করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সংস্থাগুলি ইতিমধ্যেই জানিয়েছে, আগামী ১৫ আগস্টের মধ্যে যাঁরা ই-কেওয়াইসি সম্পন্ন করবেন না, তাঁরা গৃহস্থের জন্য নির্ধারিত দরে গ্যাস পাবেন না। তাঁদের তা কিনতে হবে বাজার দরে বা চড়া দামে। সেই দর কত, তা এখনো ঘোষণা করেনি সরকার। তবে গৃহস্থের সিলিন্ডারে কত টাকা ভরতুকি সরকার বহন করছে, তার হিসাব গ্রাহককে জানাচ্ছে তারা। এসএমএসে বলা হচ্ছে, গত জুন মাসে সেই ভরতুকি ছিল ৭০০ টাকার বেশি এবং গত জুলাইয়ে তা ছিল ৫০০ টাকার বেশি।
প্রসঙ্গত, সরকার গৃহস্থের সিলিন্ডার পিছু যে ভরতুকি দেয়, তা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢোকে। এলাকা ভেদে সেই ভরতুকির অঙ্ক আলাদা। যেমন, কলকাতার গ্রাহকদের ক্ষেত্রে ভরতুকির অঙ্ক ১৯ টাকা ৫৭ পয়সা। সরকারের দাবি, তেল সংস্থাগুলি যে দামে বাজার থেকে গ্যাস কেনে, তার চেয়ে অনেক কম অঙ্কে গৃহস্থের গ্যাসের দাম নির্ধারণ করা হয়। অর্থাৎ এক্ষেত্রে সরকার একটা মোটা অঙ্কের ভরতুকি দিয়ে থাকে, যা গ্রাহকরা জানতে পারেন না। সেই ভরতুকির অঙ্কই গত দুমাসে ৭০০ ও ৫০০ টাকার বেশি ছিল, দাবি করেছে তেল সংস্থাগুলি।
গ্যাস ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, ধরে নেওয়া যায়, গ্রাহকরা ই-কেওয়াইসি না করলে অতটাই চড়া দামে তাঁদের গ্যাস কিনতে হতে পারে। তাঁরা বলছেন, সরকার সময়সীমা বেঁধে দেওয়ার পরও ই-কেওয়াইসির কাজে গতি আসেনি। বহু গ্রাহকই এখনো সচেতন নন বা তাঁরা গড়িমসি করছেন। সেই কাজ দ্রুত সেরে ফেলার আরজি জানিয়েছেন তাঁরা। তেল সংস্থাগুলিও দাবি করেছে, ঘরে বসে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি জমা করার সুযোগ পাবেন গ্রাহক।